সিল্কসিটিনিউজ ডেস্ক:
‘ওরা তো আমার এলাকারই সন্তান। তারা কেন কষ্টে থাকবে? আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলব।’—ভাইয়ের ওপর হামলাকারীদের বিষয়ে এমন মানবিক বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কবি মোহন রায়হানের ভাই, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে উসকানি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

মনজুর রহমান বকুল বলেন, সম্প্রতি ইউনিয়নের চক শৈলাবাড়িতে আয়োজিত একটি নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাতে ফেরার পথে শিকদারপাড়া এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয়। মুখে মাস্ক ও রুমাল দিয়ে মুখ ঢাকা একদল যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় কোনোভাবে প্রাণ সংশয়ের হাত থেকে রক্ষা পান বলে জানান বকুল।
তিনি বলেন, ‘আমার ভাই বকুলের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। আমাদের লক্ষ্য অভিযুক্তদের শাস্তি দেওয়া নয়। তারা তো আমার এলাকারই সন্তান। তারা কেন কষ্টে থাকবে? আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলব।’
ভাইয়ের রাজনৈতিক পরিচয় ও চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টিও তুলে ধরেন কবি মোহন রায়হান। তিনি বলেন, ‘আমার ভাই বিএনপি করে, সে প্রার্থী হয়েছে। প্রতিপক্ষরা কেন হামলা চালাবে? তারা চাইলে ওপর মহলে যাক। সেখান থেকে মনোনয়ন এনে বিজয়ী হোক, আমরা মেনে নেব। তবে কোনো হামলার পক্ষে আমরা নই।’
সংবাদ সম্মেলনে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হৃদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টু উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট









