সিল্কসিটিনিউজ ডেস্ক :
চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন— ওই এলাকার সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী বৃদ্ধা আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।

স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের নতুন একটি জায়গায় ফেলা বালুতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়।
বিদ্যুতের মূল লাইন থেকে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো হস্তান্তর করা হয়।










