সিল্কসিটিনিউজ ডেস্ক:
মানসিক অস্থিরতা, অফিসের কাজের চাপের কারণে আমাদের মধ্যে হতাশা জন্ম নেয়। সেই হতাশা কাটাতে বছরের দুই-তিনটি উৎসবকেন্দ্রিক ছুটি দারুণ কাজ করে। তবে দেখতে দেখতে ছুটি শেষ। ঈদের দীর্ঘ ছুটিতে গ্রামের বাড়ি যাওয়া, অনেক সময় ধরে ঘুমানো, টিভি দেখা, আত্মীয়-স্বজন ও বন্ধুর বাসায় বেড়ানো শেষে এবার কাজে ফেরার পালা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ শেষ করে আবার ফিরে আসা কর্মব্যস্তময় জীবনে।
ছুটি উপভোগ শেষে কাজে ফেরাটা যেন অস্বস্তিকর একটি বিষয়। তবুও ফিরতে হবে। তাই ছুটি শেষে আপনি যেন কাজের আনন্দও উপভোগ করতে পারেন সে বিষয়ে জেনে নিন কিছু কৌশল।

সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়
দীর্ঘ ছুটির পর কাজে ফিরে প্রথমেই আপনার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে নিন। এতে করে যেমন তাদের প্রতি আপনার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধটা অটুট থাকবে, ঠিক তেমনি কাজের ক্ষেত্রেও পেয়ে যাবেন বেশ কিছু সুবিধা।
কাজের তালিকা করুন
ছুটির পরে কাজে ফেরার আগে আপনার কাজের একটি তালিকা তৈরি করুন। ছুটির আগে সর্বশেষ যে কাজটি করেছেন তাও তালিকাভুক্ত করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। এতে করে আপনি কোথায় কাজ শেষ করেছিলেন তা মনে করতে পারবেন, যা নতুন কাজ শুরু করার জন্য প্রয়োজনীয়। যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে তালিকাভুক্ত করুন। তবে খেয়াল রাখবেন তালিকাটি যাতে বেশি দীর্ঘায়িত না হয়।
লাঞ্চ বক্সে মাংস বাদ দিন
মাংস শারীরিক কর্মক্ষমতা এবং ফিট থাকার জন্য উপকারী। কিন্তু যেকোনো কিছুই অতিরিক্ত হওয়া খারাপ। ঈদে তো এমনিতেই মাংস খাওয়া হয় প্রচুর। মাংসের প্রোটিন ও অতিরিক্ত কোলেস্টেরল হজম করতে পাকস্থলিকে প্রচুর কাজ করতে হয়। তাই পাকস্থলিকেও কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন। তাই ঈদের পরে অফিসে যাওয়ার সময় আপনার লাঞ্চ বক্সে মাংস বাদ দিয়ে মাছ, সবজি এবং ফল রাখুন।
মেইল চেক করুন
কর্মক্ষেত্রের প্রথম দিনেই আপনার ডেস্কে হয়তো অনেক কাজ জমা হয়ে গেছে। এজন্য প্রথমেই ইনভেলাপ ও মেইল ওপেন করে ইনবক্সের সবগুলো মেইল খুলে দেখুন। পরে দেখবেন বলে জমিয়ে রাখবেন না। তবে গুরুত্বপূর্ণ মেইলগুলো আগে চেক করা উচিৎ।










