সদ্য প্রকাশিত
খেলা

চা বিরতির আগে ছন্দপতন, ৪ রানে নেই ৩ উইকেট

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
চা বিরতির আগে ছন্দপতন, ৪ রানে নেই ৩ উইকেট

সিল্কসিটিনিউজ ডেস্ক:


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। পরবর্তীতে ইতিবাচক ছিলেন টপঅর্ডার ব্যাটাররাও। কিন্তু দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগমুহূর্তে হুট করেই যেন ঘটল ছন্দপতন। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২৬ রান। এখন ব্যাট করছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ। যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।

শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন।

ইয়ামিন আহমেদজাইয়ের বলে আউট হওয়ার আগে ৩৯ রান করেন মুমিনুল। আর কায়েস আহমেদের করা বলে রহমানুল্লাহর হাতে ক্যাচ তুলে দেন শান্ত। আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি।

এরপর দ্রুত সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

 

সূত্র: ঢাকা পোস্ট