সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে হরমা গ্রামবাসী

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে হরমা গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরমা গ্রাম পদ্মা নদীর ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে মোট ২ হাজার ৬শ জিও ব্যাগ নদীর পাড়ে ফেলা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারছে না। কয়েক দিনের মধ্যেই এসব জিও ব্যাগ নদীর স্রোতে বিলীন হয়ে যাচ্ছে, ফলে ভাঙন আরো ভয়াবহ আকার ধারণ করছে।

স্থানীয়রা জানান, ভাঙনের কবলে ইতিমধ্যে হরমা গ্রামের একাধিক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রতিদিন রাতের আঁধারে তাদের ফসলি জমি, বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, স্থায়ী বাঁধ না হলে আগামী দিনে তারা একেবারে বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছেন ও আমাদের ছোট ছোট সন্তান আছে। প্রতিদিন নদী ভাঙনের ভয় নিয়ে থাকতে হচ্ছে। জমি, ঘরবাড়ি সব নদীতে চলে যাচ্ছে। আমরা হাতজোড় করে অনুরোধ করছি -বাঁধগুলো শক্তভাবে নির্মাণ করা হোক, যাতে আমরা স্বাভাবিকভাবে বাঁচতে পারি।

অন্য আরেকজন বলেন: বৃষ্টির কারণে পানি বাড়লেই ভাঙন শুরু হয়। তখন প্রশাসনের লোকজন দেখা যায়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। আমরা চাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক।

নদী ভাঙনে ক্ষয়ক্ষতির পরিমাণ গত এক মাসে হরমা গ্রামে প্রায় ৩০টিরও বেশি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। বেশ কিছু একর আবাদি জমি পদ্মার পানিতে হারিয়ে গেছে। নদী ভাঙনের কারণে গ্রামের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ এবং কবরস্থানও হুমকির মুখে রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, তারা আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

নদী বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করা সম্ভব নয়। স্থায়ী সমাধানের জন্য কংক্রিট ব্লক এবং আধুনিক জিও টিউব প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। নইলে প্রতি বছর একই সমস্যা দেখা দেবে।