সিল্কসিটিনিউজ ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পক্ষই লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয়।

অভিযোগ রয়েছে, দুইদিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের পার্টস চুরি করে গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসান। পরে আজ মঙ্গলবার ওই দুজনকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে তারা শ্রীরামকান্দি গ্রামের লোকজনদের ডাকলে উভয় গ্রামের লোকজন একত্রিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি।
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।









