জাতীয়

গাইবান্ধায় কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল ও গুলি

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধায় কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালায় এসআরবি। এ সময় ওই এলাকার সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচে তল্লাশি চালানো হয়।

পরে কালভার্টের নিচে একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতরে লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।