নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি:
নওগাঁ জেলার খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ের কৃষকেরা ক্রমেই গম চাষে আগ্রহ হারাচ্ছেন। উৎপাদন খরচ বেশি, দিনমজুর সংকট, ভালো বীজ সংগ্রহ করা ও বাজার মূল্য সঠিক ভাবে না পাওয়ায় প্রতি বছর গম চাষে আগ্রহ হারাচ্ছে বলে জানিয়েছে উপজেলার কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের সাথে কথা বলে জানা যায়, বোরো ধানের আবাদে আগ্রহ বেশি থাকায় গম চাষে তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। চৈত্র মাসে গম কর্তনের সময় কামলা বা দিনমজুর পাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে। ফলে অতিরিক্ত মূল্য দিয়ে গম কর্তন করতে হয়। গম চাষে খরচ বেশি হলেও বাজার মূল্য কম।

উপজেলার বড় ডাঙ্গা গ্রামের অয়েত আলী জানান, আমি গত বছর ১শ ৫০ শতক জমিতে গম চাষ করেছিলাম। ফলন হয়েছিল ৩২ মণ। প্রতি বিঘায় গম চাষ করতে খরচ হয়েছিল ৮ থেকে ৯ হাজার টাকা। বিক্রি করতে হয়েছিল ৯ শত টাকা মণ। তিনি আরো বলেন, চৈত্র মাসে গম কর্তনের সময় কামলা বা দিনমজুর পাওয়া কষ্টকর হয়ে পড়ে। ফলে অতিরিক্ত মূল্য দিয়ে গম কর্তন করতে হয়। এ জন্য এ বছর গম চাষ না করে সরিষা ও ভুট্টা চাষ করেছি। আশা করছি ফলনও ভালো হবে।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শরিফুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রতিনিয়িত কৃষকদের পরামর্শ প্রদান করছেন। এছাড়াও অল্প খরচে গম বেশি উৎপাদনের জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। এবারে প্রণোদনা সহায়তার আওতায়ে অনেক কৃষককে আমরা বিনা মূল্যে সার ও বীজ দিয়েছি। তাই আশা করা যায় এবার এলাকায় গম চাষের আগ্রহ বাড়বে।
এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার সিল্কসিটি নিউজকে বলেন, ভালো বীজ সংগ্রহসহ গম চাষে আমরা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হয়েছে। ভালো বীজ বপণ করে বেশি পরিমান গম উৎপাদন করতে সক্ষম হয়েছে। কৃষকদের গম চাষে উৎসাহী করা হচ্ছে। ভুট্টা ও সরিষার আবাদ ভালো হওয়ায় কৃষকেরা গম চাষে আগ্রহ হারাচ্ছেন বলে তারা মনে করছেন।
স/শ










