সিল্কসিটিনিউজ ডেস্ক:
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দুর্গম পার্বত্য এলাকার মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। দিনব্যাপী এ কার্যক্রমে মোট ৮৬১ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এতে দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অনেকে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেওয়ার সুযোগ পান।
আয়োজকেরা জানান, যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের উদ্যোগের ফলে ওই এলাকার মানুষ প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ সহজে পাওয়ার সুযোগ পান।
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









