অর্থ ও বাণিজ্য

ক্রয় ব্যবস্থার উন্নয়নে এক কোটি ডলার ঋণ

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্রয়সংক্রান্ত ব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক কার্যক্রম বা ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্টে (ই-জিপি) বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে এক কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

 

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হবে। এ তথ্য জানিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহেরীন এ মাহবুব।

 

তিনি জানান, সরকারি তহবিলের কার্যকর ও ব্যবহারের চাহিদা মেটাতে ক্রয়-বিক্রয় ব্যবস্থার উন্নয়নে এ অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজি শফিকুল আজম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক রাজশ্রী প্যারালকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ঋণ ‘পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-টু’র আওতায় অতিরিক্ত অর্থায়ন তহবিল হিসেবে বিবেচিত হবে। ই-জিপি সংক্রান্ত প্রকল্পটির কার্যক্রম ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। ই-জিপি ব্যবস্থায় টেন্ডার প্রক্রিয়াকরণ বেশি সাশ্রয়ী। এতে সময় কম লাগে। আর দরদাতাদের (বিডার) আগ্রহও বেড়েছে ১৮ গুণ। বাংলাদেশে ২০১৫ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ই-জিপিতে প্রায় ৩৭০ কোটি ডলারের ৩২ হাজার সরকারি টেন্ডারের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়নে সরকারি ক্রয় সংস্থার প্রকল্প-২-এর আওতায় ২০০ টেরাবাইট ক্ষমতাসম্পন্ন ডাটা সেন্টার স্থাপনে সহায়তা করা হবে। ব্যাংক নিরাপত্তা ও ১৮০ গুণ অধিক ক্ষমতাসম্পন্ন এ নতুন ব্যবস্থা ৮৬ লাখ টেন্ডার সংরক্ষণ ও তিন লাখ ২৫ হাজার নিবন্ধিত বিডারকে সহায়তা দেবে।

 

২০১১ সালে পরিবহন, স্থানীয় সরকার, পানি ও বিদ্যুৎ—এই চার খাতে ইলেকট্রনিক ক্রয় ও অনলাইন পারফরম্যান্স মনিটরিং ব্যবস্থা চালু হয়।

সূত্র: রাইজিংবিডি