সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুমিল্লার দাউদকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মাঠে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা।

কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। ইউনিয়নগুলো হলো মোহাম্মদপুর, বিটেশ্বর, মারুকা, মালিগাঁও, জিংলাতলী, পাঁচগাছিয়া, ইলিয়টগঞ্জ দক্ষিণ ও গোয়ালমারি। এর মধ্যে মোহাম্মদপুর ইউনিয়নে ৩৫০ জন এবং বিটেশ্বর ও মারুকা ইউনিয়নে ২৫০ জন করে কৃষক এ সহায়তা পান। অন্যান্য ইউনিয়নেও নির্ধারিত সংখ্যক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার কালের কণ্ঠকে বলেন, কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা কালের কণ্ঠকে জানান, সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।










