সিল্কসিটিনিউজ ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।

মৃত নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
নূর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। আগামী অক্টোবর মাসে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার হঠাৎ করে নূর জাহানের জ্বর আসে।
এর পর নানা শারীরিক সমস্যা দেখা দিলে তাকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হয়। পর্যায়ক্রমে পরিস্থিতির উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন।
বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুঁইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার নূর জাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।









