জাতীয়

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ  ডেস্ক:


কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে মাঠে নামে। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও প্রতিটি থানা এলাকার যেসব স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখা যায়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে  অপরাধ বিবেচনা ও অতীত অপরাধের রেকর্ড অনুযায়ী আইনি প্রক্রিয়া চলমান।

 

সূত্র: ঢাকা পোস্ট