সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারত শাসিত কাশ্মীরে পাহাড়ি উপত্যকায় প্রবল তুষার ঝড়ে সেনাবাহিনীর অন্তত ১০ সদস্যের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন আরও কিছু মানুষ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সেনাবাহিনী জানায়, বুধবার সন্ধ্যায় ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা ‘লাইন অব কন্ট্রোল’র কাছে কাশ্মীরের গুরেজ সেক্টর ও পেট্রোল টিমে পৃথক দু’টি তুষার ঝড় আঘাত হানে। তুষার ঝড়ের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এ সময় জুনিয়র কমিশন কর্মকর্তাসহ সাত সেনা সদস্যকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
তুষার ঝড়ের পর আরও বিপদের আশঙ্কার পাহাড়ি উপত্যাকা এলাকায় সতর্কতাও জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, পৃথক তুষার ঝড়ে গুরেজ সেক্টর এবং পেট্রোল টিমে আঘাতের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তুষার ঝড়ের আশঙ্কায় বুধবার রাতে ১৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় স্থানীয় পুলিশ।
২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাহাড়ি উপত্যকায় তুষার ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২৪২ সেনা সদস্যের প্রাণহানি হয়।
সূত্র: বাংলা নিউজ










