সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর এক হাতিশাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।
কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন অফিসার (এসও) মো. মতিউর বলেন, ‘মা হাতিটি একটু দূরে সরে যাওয়ায় আজ সকালে শাবকটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরে মাটিচাপা দেওয়া হয়েছে।’

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ বলেন, ‘শাবকটির মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফরেনসিক রিপোর্টের জন্য এসব নমুনা সিএফ ওয়াইল্ডলাইফ কার্যালয়ে পাঠানো হবে।’
বন বিভাগের প্রাথমিক ধারণা, পাহাড় থেকে পা পিছলে আহত হয়ে শাবকটি কাপ্তাই হ্রদের পানিতে পড়ে ডুবে মারা যায়।
গত সোমবার রাতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এরপর বহুবার শাবকটিকে উদ্ধারের চেষ্টা চালালেও মা হাতিটির কারণে তা সম্ভব হয়নি।
মা হাতিটি শাবকের পাশে অবস্থান করছিল এবং আশপাশে মানুষ দেখলে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসছিল। অবশেষে গতকাল সকালে মা হাতিটি কিছুটা দূরে সরলে বন বিভাগের কর্মীরা শাবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।









