সিল্কসিটিনিউজ ডেস্ক :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পানির উৎস খাল বিল ও ছড়া নদীতে পানি শূন্যতার কারণে চলতি বোরো আবাদে সেচ সংকট দেখা দিয়েছে। পানিসংকটে বিপাকে পড়েছেন শত শত কৃষক। পানির অভাবে এখনো বিভিন্ন এলাকায় হাজারো হেক্টরের ওপরে বোরো আবাদ করা যাচ্ছে না। আর যারা আবাদ করেছেন, এমন দেড় থেকে দুই হাজার কৃষক পর্যাপ্ত সেচ না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
চারা রোপণের পর কোথাও জমিতে ফাটল দেখা দিচ্ছে, আবার পানির অভাবে কোথাও রোপন শুরু হয়নি। কৃষি বিভাগের বোরো আবাদ লক্ষ্যমাত্রা ৫ হাজার ১৯৫ হেক্টর অর্জন না হওয়ার আশংকা দেখা দিয়েছে।
উপজেলার আদমপুর, আলীনগর, পতনউষারসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, ছড়া, ও জলাধারের আশেপাশের জমিতে এবং কিছু কিছু এলাকায় শ্যালো ও ডিপটিউবয়েলে বোরো ক্ষেতে সেচ দিচ্ছেন। তবে অধিকাংশ জমি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে।

উজান থেকে আসা পাহাড়ি ছড়া ও খালে পানি পাওয়া যাচ্ছে না। ধলাই নদীর পানিও অনেক হ্রাস পেয়েছে। কৃষকদের কেউ কেউ জমি তৈরি করলেও পানির অভাবে রোপন করতে পারছেন না। জমিতে ফাটল দেখা দিচ্ছে।
সেচের জন্য কৃষকরা হাহাকার করছে। শ্যালো মেশিনেরও পানি কম উঠছে। কৃষকদের কেউ কেউ একর প্রতি ১০-১৫ হাজার টাকা খরচ করেও পানির অভাবে ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন।
কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার ১৯৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আবাদ হয়েছে ৪ হাজার ৩০০ হেক্টর জমি।
সেচের পানির অভাবে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১৭০টি শ্যালো মেশিন ও এলএলপি অর্থাৎ পাইপ যোগে সেচ কাজে ৭৫০টি যন্ত্র কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। তবে গভীর নলকূপ বিষয়ে কৃষি অফিসে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
আদমপুরের ঘোড়ামারা এলাকার হোমেরজান ও লাউয়াছড়া নামক খালে পানি সংকটে সেখানকার শতাধিক কৃষক বোরো আবাদ করতে পারেননি। খালে সমুহে পানি নেই। আবার কিছু কিছু এলাকায় শ্যালো পাম্পের মাধ্যমে বোরো আবাদ করলেও সেচ সংকট চরমে। দুই থেকে তিন হাজার টাকা দিয়ে পানি কিনতে হচ্ছে। কথা হয় হোমেরজান গ্রামের কৃষক শংকর কৈরী সাথে। তিনি পানি সংকটের কথা জানিয়ে বলেন খালে পানি নেই তাই সমস্যা হচ্ছে।
পতনউষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামের কৃষক ফটিক মিয়া, শ্রীসূর্য্যর কৃষক সুমন খান বলেন, কষ্ট করে বোরো চারা রোপন করেছি। কিন্তু এখন পানির অভারে সেচ দিতে পারছি না। জমির পানি শুকিয়ে যাচ্ছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, চলতি মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় খালগুলো শুকিয়ে যাচ্ছে। ছড়া ও খালে পানি নেই। ফলে সেচের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। এখনো লক্ষ্যমাত্রাও পূরন হয়নি। তবে বৃষ্টির আভাস রয়েছে। অনেকেই দেরিতে রোপন করছেন। একটু বৃষ্টিপাত হলেই আর সমস্যা হবে না।










