সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে প্রাতঃরাশ গ্রহণে হোয়াইট হাউসে গেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ট্রাম্প ও তার স্ত্রী হোয়াইট হাউসে গেলে তাদের সাদরে গ্রহণ করেন ওবামা-মিশেল। হোয়াইট হাউসে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও সস্ত্রীক ঢুকেছেন। তাদের সাদরে গ্রহণ করেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী।
এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট তার পরিবারের সদস্যদের নিয়ে প্রার্থনার জন্য চার্চে যান। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও তার পরিবারের সদস্যদের নিয়ে এতে যোগ দেন।
হোয়াইট হাউসে প্রাতঃরাশের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবার ইউএস ক্যাপিটলে যাবেন শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে। এরইমধ্যে এখানে উপস্থিত হয়েছেন সাবেক ও বর্তমান প্রেসিডেন্টসহ রাষ্ট্রীয় অতিথিরা।
এই শপথ অনুষ্ঠানের পরপরই কুচকাওয়াজের মধ্য দিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ট্রাম্প। রাজত্ব করবেন আগামী ৪ বছর।
সূত্র: বাংলা নিউজ










