সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতে মেট্রোর বাতানুকূল রেকে ভুল ঘোষণার জেরে শনিবার বিভ্রান্তিতে পড়লেন যাত্রীদের একাংশ। কবি নজরুল স্টেশনের বদলে গীতাঞ্জলি স্টেশনে নেমে গেলেন তাঁরা।
এদিন বিকেল ৫টা নাগাদ দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় ঘটনাটি ঘটেছে। যাত্রীদের একাংশের অভিযোগ, ট্রেনটি গীতাঞ্জলি (নাকতলা) স্টেশনে ঢোকার আগে ভুল করে কবি নজরুল (গড়িয়া) স্টেশনের ঘোষণা করে দেওয়া হয়। এক যাত্রী বলেন, ‘‘শুধু ঘোষণা নয়। ডিসপ্লে বোর্ডেও কবি নজরুল স্টেশনের নাম ফুটে উঠেছে।’’
এর পরেই বহু যাত্রী ভুল করে গীতাঞ্জলি স্টেশনে নেমে যান। তাঁরা ভুল বুঝতে পারেন পাঞ্চ কার্ডের গেট পেরিয়ে যাওয়ার পর। বিষয়টি তাঁরা মেট্রো কর্মীদের জানান। কিন্তু কর্মীরা তাঁদের অভিযোগের সুরাহা করতে পারেননি। অনেককেই ফের টাকা দিয়ে নতুন টোকেন সংগ্রহ করে কবি নজরুলগামী মেট্রো ধরতে হয়।

বাতানুকূল রেকে ঘোষণার পাশাপাশি ডিসপ্লে স্ক্রিনে পরবর্তী স্টেশনের নাম দেখানো হয়। সাধারণ রেকে সেই সুবিধা নেই। বাতানুকূল রেকের ঘোষণা প্রযুক্তি অনেক আধুনিক। ফলে সেখানে ঘোষণায় ভুলভ্রান্তি বিরল। এক মেট্রো আধিকারিক বলেন, ‘‘নির্দিষ্ট একটি সফ্টঅয়্যারের মাধ্যমে ওই ঘোষণা চালানো হয়। এক্ষেত্রে চালকের অন্যমনস্কতার জন্য ওই ঘটনা ঘটে থাকতে পারে।’’
সূত্র: এবেলা










