সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরের নাম শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পরিবর্তন করা হবে। এ সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবার অঙ্গরাজ্যের আইনসভায় অনুমোদিত হয়েছে।
বিশ্বজুড়ে বিভিন্ন ভবনে নিজের নাম সংযুক্ত করা রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প দেশের ওপর নিজের ছাপ রাখতে নজিরবিহীন ভাবমূর্তি ও স্থাপনা-কেন্দ্রিক প্রচারণা চালিয়ে আসছেন।

অঙ্গরাজ্যের নথি অনুযায়ী, রিপাবলিকান-নিয়ন্ত্রিত ফ্লোরিডা আইনসভা পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ রাখার বিল অনুমোদন করেছে।
গভর্নর রন ডেসান্টিস বিলটিতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন বলে ধারণা করা হচ্ছে।
বালুকাময় সৈকত ও বিলাসবহুল আবাসনের জন্য পরিচিত পাম বিচ শহরের এই বিমানবন্দরটি ট্রাম্পের মার-আ-লাগো বাসভবন থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত।
বিমানবন্দরের নাম পরিবর্তনে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনও প্রয়োজন হবে।
এর মাধ্যমে ট্রাম্পের নামে নামকরণ হওয়া প্রতিষ্ঠানের তালিকায় এটি যুক্ত হবে।
ওয়াশিংটনে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ. কেনেডির স্মৃতিতে নির্মিত শিল্পকলা কমপ্লেক্স কেনেডি সেন্টারের ট্রাম্প-নিযুক্ত বোর্ড গত ডিসেম্বরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ রাখার পক্ষে ভোট দেয়।
একই মাসে পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্র ইনস্টিটিউট অব পিসের সঙ্গে ট্রাম্পের নাম সংযুক্ত করে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নিউইয়র্কের পেন স্টেশন এবং ওয়াশিংটনের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরের নামও নিজের নামে পরিবর্তনের চেষ্টা করেছিলেন, তবে সে প্রচেষ্টা প্রত্যাখ্যাত হয়।
অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত স্মারক এক ডলারের মুদ্রার খসড়া প্রস্তুত করা হয়েছে—যদিও দায়িত্বে থাকা বা জীবিত প্রেসিডেন্টের ছবি মুদ্রায় প্রদর্শনের বিরুদ্ধে আইন রয়েছে।
বিচার বিভাগীয় সদরদপ্তরে বৃহস্পতিবার ট্রাম্পের মুখাবয়বসংবলিত একটি বড় নীল ব্যানার টাঙানো হয়।










