সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রায় এক সপ্তাহজুড়ে চলমান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে জার্মানি। মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধের আন্তর্জাতিক বৈধতা নিয়েও ‘সন্দেহ’ প্রকাশ করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। তিনি বলেছেন, ‘জার্মানি এই সংঘাতের অংশ হবে না।’
শনিবার (৭ মার্চ) জার্মান সংবাদমাধ্যম আরএনডিকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান ভাইস চ্যান্সেলর বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি—এটি আমাদের যুদ্ধ নয়।

আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। বিশ্ব বর্তমানে এমন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে যেখানে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না।’
ক্লিংবেইল আরো বলেন, “আমরা এমন এক পৃথিবীতে বাস করতে চাই না যেখানে কেবল ‘জোর যার মুল্লুক তার’ নীতি কার্যকর থাকবে।”
তবে ভাইস চ্যান্সেলরের এই অবস্থান জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের নেওয়া অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
এর আগে চ্যান্সেলর মের্ৎস ঘোষণা করেছিলেন, তার সরকার ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্যগুলোর সঙ্গে একমত। বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরায়েলের প্রতি তেহরানের হুমকি এবং প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে সন্ত্রাসবাদে সমর্থনের বিষয়ে মের্ৎস পশ্চিমা মিত্রদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
কিন্তু ভাইস চ্যান্সেলর ক্লিংবেইল সরাসরি চ্যান্সেলরের সেই অবস্থানের বিরোধিতা করে আন্তর্জাতিকভাবে আইনের শাসন বজায় রাখার ওপর জোর দিয়েছেন।










