সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন দায়ী ছিল। মার্কিন সামরিক বাহিনীর একটি প্রাথমিক তদন্তে এ কথা বলা হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনে এই হামলা চালানো হয়। টমাহক ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়ে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এবং বহু শিশু শিক্ষার্থীসহ ১৭৫ জন নিহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এবং প্রাথমিক তদন্তের সঙ্গে পরিচিত অন্যান্য ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শাজারা তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলাটি মার্কিন সামরিক বাহিনী ভুল করে চালিয়েছিল। স্কুলটি ইরানের ইসলামি বর্ডার গার্ড (আইআরজিসি)-এর একটি ঘাঁটির কাছে অবস্থিত। ইরানি কর্মকর্তারা এ হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৭৫ জন বলে উল্লেখ করেছেন। নিহতদের বেশির ভাগই শিশু।
তদন্ত এখনো সম্পন্ন হয়নি। তবে প্রতিবেদন অনুসারে, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কর্মকর্তারা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দেওয়া পুরনো তথ্য ব্যবহার করে হামলার জন্য ভুল লক্ষ্য তৈরি করেছিলেন। হামলার স্বাধীন বিশ্লেষগুলো মার্কিন পক্ষের দোষের দিকেই জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প দাবি করেছিল, ইরান নিজেই এই হামলা চালিয়েছে।
শনিবার ট্রাম্প বলেছিলেন, স্কুলে বোমা হামলার জন্য ইরান দায়ী। তিনি বলেন, ‘আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে বলছি, এটি ইরানই করেছে… তারা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে খুবই ভুল কাজ করেছে। এটি ইরানই করেছে।’ তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্ররাও তার এই দাবি নিয়ে কোনো কথা বলেননি।
পেন্টাগন গার্ডিয়ানকে এক বিবৃতিতে বলেছিল, ‘ঘটনাটি তদন্তাধীন।’ মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের একজন কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন থাকায় মন্তব্য করা ঠিক হবে না।’
স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, স্কুলের ভবনটি একসময় বৃহত্তর আইআরজিসি কমপ্লেক্সের অংশ ছিল। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তা রঙিন দেয়ালচিত্র এবং ছোট ছোট খেলার মাঠ দেখে বোঝা যাচ্ছে এবং স্যাটেলাইটের ছবিতেও তা দৃশ্যমান। হামলার সময় স্কুলটি সামরিক ব্যবহারের জন্য ব্যবহৃত ভবন ছিল এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।
সূত্র : দ্য গার্ডিয়ান।










