সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই সপ্তাহ ধরে চলা লাগাতার বিমান হামলার পরও ইরানের সরকার বা শাসনব্যবস্থা অচিরেই ভেঙে পড়ার ঝুঁকিতে নেই। মার্কিন গোয়েদা সংস্থাগুলোর মূল্যায়নে উঠে এসেছে এমন তথ্য। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো বলছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের বহু বিশ্লেষণ এক ধরনের ধারাবাহিক সিদ্ধান্তে পৌঁছেছে যে, ইরানের শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়ার ঝুঁকিতে নেই এবং দেশটির জনগণের ওপর সরকারের নিয়ন্ত্রণ এখনো বজায় রয়েছে।

এদিকে গোপন বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে চলমান যুদ্ধ শেষ পর্যন্ত ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার পতন ঘটাবে এমন কোনো নিশ্চয়তা নেই। রয়টার্সকে দেওয়াা এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেছেন।
তবে সূত্রগুলো সতর্ক করে বলেছে, মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয় এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও যেকোনো সময় বদলে যেতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক স্থাপনা এবং দেশটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সদস্যরা।
যুদ্ধ শুরুর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে উদ্দেশ করে বলেছিলেন, ‘নিজেদের সরকার নিজেরাই দখল করে নিন।
’ তবে পরে তাঁর শীর্ষ সহযোগীরা বলেন, ইরানের নেতৃত্বকে ক্ষমতা থেকে সরানো এই অভিযানের লক্ষ্য নয়।
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও দেশটির বহু জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন। এই বাহিনী ইরানের একটি শক্তিশালী আধাসামরিক সংগঠন, যা দেশের অর্থনীতির বড় অংশও নিয়ন্ত্রণ করে।
তবু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করা অন্তর্বর্তী নেতৃত্ব এখনো দেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এরই মধ্যে জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতাদের পরিষদ খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে।
সূত্র : রয়টার্স










