সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার একটি ছোট বিমান নিখোঁজের পরে বিধ্বস্ত হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ এবং একজনের মরদেহ রবিবার উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। ওই বিমানে ১০ জন আরোহী ছিলেন।
ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের টার্বোপ্রপ বিমানটি শনিবার বিকেলে যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করে আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের মধ্যে ‘বিমানের ফিউজলাজ, লেজের অংশ এবং জানালা’ বলে ধারণা করা অংশগুলো খুঁজে পেয়েছে বলে এক সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান।
আরিফ বলেন, ‘একই এলাকায় একটি খাড়া পাহাড়ি ঢালে একজন ভুক্তভোগীর মরদেহ পাওয়া গেছে।’ তিনি মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান।
তিনি বলেন, ‘একজন পুরুষ ভুক্তভোগীর মরদেহ পাওয়া গেছে… প্রায় ২০০ মিটার গভীর খাদে, বিমানের ধ্বংসাবশেষের কাছাকাছি।
’
আরেক স্থানীয় উদ্ধার কর্মকর্তা আন্দি সুলতান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি সোমবার সরিয়ে নেওয়া হবে।
আরিফ জানান, নিখোঁজ যাত্রীদের সন্ধানে আকাশপথেও একটি ইউনিট মোতায়েন করা হয়েছে।
আরিফ বলেন, বিমানটি বান্তিমুরুঙ–বুলুসারাউং জাতীয় উদ্যানের ভেতরে মাউন্ট বুলুসারাউংয়ে বিধ্বস্ত হয়, যা মাকাসার শহরের সীমানা ঘেঁষে অবস্থিত।
বিমানে সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন।
মন্ত্রী সকতি ওয়াহিউ ত্রেঙ্গগোনো বলেন, ওই কর্মীরা এলাকায় সম্পদের আকাশপথে নজরদারি চালানোর মিশনে ছিলেন।
স্থল ও আকাশপথে পরিচালিত এই অনুসন্ধান অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকসহ এক হাজারের বেশি মানুষ অংশ নেন।
স্থানীয় সামরিক প্রধান বাংগুন নাওকো সাংবাদিকদের বলেন, দুর্গম ভূপ্রকৃতি ও কুয়াশার কারণে অনুসন্ধান কাজ ব্যাহত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগ রক্ষায় ব্যাপকভাবে আকাশপথের ওপর নির্ভরশীল। দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড দুর্বল, সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের পরপরই ছয় যাত্রী ও দুই ক্রুসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে সবাই নিহত হন।
সেপ্টেম্বরের ওই দুর্ঘটনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে, দুর্গম পাপুয়া অঞ্চলের ইলাগায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হন।










