সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বিস্ফোরণে ২৩ বছর বয়সী একজন নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। খবর বিবিসির।
ইউক্রেন পুলিশ জানিয়েছে, রবিবার মধ্যরাতের কিছুক্ষণ পর একটি দোকানে চুরি ও ভাঙচুরের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পরই ডাস্টবিনে রাখা দুটি বিস্ফোরক বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে পুলিশের প্রথম টহল দল ঘটনাস্থলে পৌঁছানোর পর। এরপর দ্বিতীয় দল ঘটনাস্থলে পৌঁছলে আরো একটি বিস্ফোরণ ঘটে।

রবিবার সকালে দেশটির পুলিশ এক টেলিগ্রাম বার্তায় জানায়, নিহত পুলিশ কর্মকর্তার নাম ভিক্টোরিয়া শপিলকা। তার বয়স ছিল ২৩ বছর এবং রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সময় থেকেই তিনি দায়িত্ব পালন করছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
এই সন্ত্রাসী হামলায় একজন সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অন্যদিকে, লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, হামলাকারী একজন ইউক্রেনীয় নারী ছিলেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানান, পুলিশ ও ইউক্রেনের নিরাপত্তা সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী এক নারীকে আটক করেছে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভন অঞ্চলের বাসিন্দা। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।










