সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইউক্রেনের বিভিন্ন শহরে শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় রাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য ছিল দেশটির জ্বালানি ও গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামো।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, একটি পাঁচ তলা আবাসিক ভবনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে নিহতের এই ঘটনা ঘটে।

হামলায় সাতটি বড় অ্যাপার্টমেন্ট ভবন, বাণিজ্যিক কেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা খুঁজে দেখছেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী সারা দেশে মোট ৪৮০টি ড্রোন ও ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার এই সুপরিকল্পিত হামলায় মধ্য ইউক্রেনের চারটি রেলওয়ে স্টেশন ও ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওডেসায় একটি শস্য গুদাম ও ভোজ্যতেল ভর্তি কন্টেইনারে আগুন ধরে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এই হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে ইউক্রেনকে পঙ্গু করে দিতে চাইছে। তিনি আন্তর্জাতিক মিত্রদের কাছে অবিলম্বে আরো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত অস্ত্র সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে রুশ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা সম্ভব হয়।
সূত্র : রয়টার্স










