সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই জোটের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ইরান।
দেশটির বিপ্লবী গার্ড বাহিনী তথা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করার প্রতিবাদ জানাতেই তাদের তলব করা হয়ে বলে সোমবার (২ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

যদিও ইইউর পদক্ষেপের জবাবে ইউরোপীয় বাহিনীগুলোকেও ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করেছে ইরান। খবর ইউরো নিউজ ও এবিসি নিউজের।
আইআরজিসিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করা ‘ইইউর কৌশলগত ভুল’ এবং ‘ইরানের প্রতি অপমান’ বলে অভিহিত করেছেন বাঘাই।
তিনি বলেন, রাষ্ট্রদূতদের তলব করা ছিল ‘ন্যূনতম পদক্ষেপ’ এবং তেহরান আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করছে।
এর আগে, ইউরোপীয় জোটভুক্ত দেশগুলোর সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করে ইরান। রোববার দেশটির সংসদের স্পিকার এ তথ্য জানান। ইইউ আইআরজিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় এ পালটা পদক্ষেপের পথে হাঁটে তেহরান।
এদিকে চলমান উত্তেজনা মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আঙ্কারায় বৈঠক আয়োজনের চেষ্টা করছে তুরস্ক।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত ১ ফেব্রুয়ারি সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, তারা চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে এ ধরনের আলোচনা শুরু করতে চায়।
সূত্র: যুগান্তর










