আব্দুল বাতেন, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবার আমন ধানের ভাল দাম পেয়ে খুশিতে আছেন গোদাগাড়ী কৃষকরা। গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় এবার আমন ধানের চাষ হয়েছে ২৫ হাজার ৩৯৫ হেক্টর জমিতে। মৌসুমে আবহাওয়া অনুুুকুলে থাকায় ধানের ফলনও হয়েছে বেশ ভাল।গোদাগাড়ীতে গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা, লাল স্বর্ণা, ব্রি-৪৯, ব্রি-৫১, ব্রি-৫৬, ব্রি-৫৭, ব্রি-২৮ ধানের আবাদ হয়েছে।

মৌসুমের শুরুতে ধান উঠার সাথে সাথে কৃষকরা ধানের বাজারে ধান বিক্রয় করতে গিয়ে ধানের দাম বেশ ভাল পাওয়ায় খুশ মেজাজেই আছেন কৃষকরা।
গোদাগাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে জানা যায়, ধানের আড়ৎগুলোতে কৃষকরা গুটি স্বর্ণা-৮২৫ টাকা, সুমন স্বর্ণা- ৮৩০-৮৩৫ টাকা, লাল স্বর্ণা- ৮৩০ টাকা, ব্রি-৪৯- ৮৩৫ টাকা, ব্রি-৫১- ৮২৫ টাকা দরে বিক্রয় করছেন এবং ব্রি-২৮, জিরা সাইল- ৯২০-৯৫০ টাকা দরে বিক্রয় করছে।
গোদাগাড়ী বাজারে ধান বিক্রয় করতে আসা বাসুদেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের কৃষক গোলাম নবী সিল্কসিটি নিউজকে জানান, আজকের বাজারে গুটি স্বর্ণা ধান ৮২৫ টাকা দরে বিক্রয় করলাম। এ দাম অব্যহত থাকলে কৃষকরা লাভবান ও খুশি থাকবে বলে জানান।

এক বিঘা জমি ধান চাষ করতে সেচ খরচ থেকে শুরু করে ফসল উঠা পর্যন্ত খরচ হচ্ছে, ৫-৬ হাজার টাকা। প্রতিবিঘা জমিতে ১৮-২২ মন ফলন হচ্ছে, সেই হিসেবে কৃষকরা সব খরচ বাদ দিয়ে এক বিঘা জমির ধান বিক্রয় করে প্রায় ৯ হাজার টাকা সঞ্চয় করতে পারবে বলে জানা যায়।
উপজেলার পুষুন্ডা গ্রামের কৃষক আশরাফুলের সাথে কথা হলে, তিনি সিল্কসিটি নিউজকে জানান আমি এবার ৭ বিঘা জমি চাষ করেছি প্রতি বিঘায় জমিতে ৫ হাজার টাকা খরচ হিসেবে ৩৫ হাজার টাকা খরচ হয়। ৭ বিঘা জমিতে ১২৬ মন ধান মাড়ায় করে ঘরে তুলেছি। এই ধান ৮২৫ টাকা দরে বিক্রয় করলাম। সব খরচ বাদে আমি ৬৮ হাজার ৯৫০ টাকা সঞ্চয় করতে পারব। এই নিয়ে আমার ছেলে মেয়ে ও পরিবারের খরচ চালাতে সুবিধা হবে।
কৃষক মানুন জানান, বর্তমান যে ধানের বাজার প্রত্যেক কৃষকই খুশি আছেন। ধানের এই দাম যাতে কমে না যায় সেজন্য সরকারের প্রতি নজরদারি করার অনুরোধ জানান। ধানের আড়ৎদার আব্দুল্লাহ্ বলেন, বর্তমানে আমন ধানের যে বাজার চলছে এই ধানের দাম পেয়ে কৃষকরা বেশ খুশিতেই আছেন। ২০০৮ সালের দিকে অর্থাৎ তত্ত্ববধায়ক সরকারের আমলে ধানের দাম ৮০০-৮৫০ টাকা হয়েছিল সেই সময়ে কৃষক বেশ খুশিই ছিলো। দীর্ঘদিন পর সেই অবস্থা এ মৌসুমে ফিরে এসেছে। ধানের মোকামগুলোতে বেশ চাহিদা থাকায় আমরাও ধান ক্রয়-বিক্রয় করে বেশ লাভবান হচ্ছি।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার তৌফিকুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, চলতি মৌসুমে আমন ধানের তেমন রোগ-বালাই ছিল না। আবহাওয়া ছিল অনুকুলে, তাই ধানের ফলনও বিঘাপ্রতি ১৮-২২ মন হয়েছে। আর ধানের দাম পেয়ে কৃষকরাও লাভবান হবে বলে জানান।
স/অ










