বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেছেন, ‘বিগত সরকারের (আওয়ামী লীগ) সমর্থকদের নিজেদের দলে ভেড়ানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে। তাদের আগের যে কর্ম সেটাকে উপেক্ষা করে, আগের যে অপরাধ সেটাকে ঢেকে নিজ নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে, সেটা আমাদের জন্য বিব্রতকর।’
তিনি বলেন, ‘পুলিশ তাদের গ্রেপ্তার করলে কোনো কোনো সময় তারা একসঙ্গে গিয়ে এর প্রতিবাদ করে। কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিনসহ অন্যান্য কার্যক্রম করে থাকে, যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে।

নির্বাচন প্রক্রিয়া থেকে দলদাস কর্মকর্তাদের দূরে রাখার আহ্বান জানিয়ে ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘কোন দল ক্ষমতায় আসবে, সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই এ ধরনের দলদাসদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করছি।
আইন-শৃঙ্খলা অবনতির জন্য রাজনৈতিক দলগুলো অসহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যাশিত সহযোগিতা নেই।
এর ফলে পাল্টাপাল্টি কর্মসূচি, হুমকি, দাঙ্গা, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটছে। অনেক ক্ষেত্রে মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যেও অনৈক্য দেখা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করছে।’
রাজনৈতিক দলের প্রার্থীদের অনৈক্যে পরিস্থিতি অবনতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দলের চার-পাঁচজন এমপি প্রার্থী যারা মনোনয়ন পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তারাও নিজেদের মধ্যে নানা রকমের অনৈক্যের প্রয়াস চালিয়ে যাচ্ছেন।’









