ধর্ম

অভাব ও ঋণের বোঝা থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৩ দোয়া

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৬৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

অভাব ও ঋণ মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তবতা, যা অনেক সময় তার স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। অভাবের তাড়নায় মানুষকে অন্যের কাছে হাত পাততে হয়, শুনতে হয় নানা কটুকথা।

ঋণের বোঝা মাথায় নিয়ে দিন কাটে দুশ্চিন্তা, হতাশা ও মানসিক অস্থিরতায়। কখনো কখনো এই আর্থিক সংকট মানুষের আত্মবিশ্বাস কেড়ে নেয়, ইবাদতে মনোযোগ নষ্ট করে এবং পারিবারিক ও সামাজিক জীবনেও অশান্তি সৃষ্টি করে।
তাইতো রাসুলুল্লাহ (সা.) নিজেও অভাব, দুশ্চিন্তা ও ঋণের বোঝা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। শুধু তা-ই নয়, উম্মতকে শিখিয়েছেন এমন কিছু হৃদয়স্পর্শী দোয়া, যার মাধ্যমে বান্দা তার অভাব-অনটন, ঋণের চাপ ও মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্য চাইতে পারে।

১. দারিদ্র্য, অভাব ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা

রাসুলুল্লাহ (সা.) জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। অভাব ও দারিদ্র্যের পাশাপাশি মানুষের কাছে অপমানিত হওয়া এবং অন্যায়-অত্যাচারের শিকার হওয়া থেকেও তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। এ প্রসঙ্গে তাঁর একটি দোয়া হলো—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذِّلَّةِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি, ওয়া আউজু বিকা মিন আন আযলিমা আও উযলাম।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দারিদ্র্য, স্বল্পতা ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি।

আর আপনার কাছে আশ্রয় চাই, যেন আমি কারও প্রতি জুলুম না করি এবং আমার প্রতিও জুলুম করা না হয়। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৪৪)
২. ঋণ পরিশোধ ও দারিদ্র্য থেকে মুক্তির প্রার্থনা

ঋণের বোঝা মানুষের জন্য অত্যন্ত কঠিন এক পরীক্ষা। ঋণগ্রস্ত ব্যক্তি অনেক সময় উপার্জন করেও স্বস্তি খুঁজে পান না। কারণ উপার্জনের একটি বড় অংশ ঋণ পরিশোধে ব্যয় করতে হয়। এ অবস্থায় মহান আল্লাহর কাছে ঋণমুক্তি ও অভাব থেকে সচ্ছলতা কামনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তাঁকে ঘুমানোর সময় একটি বিশেষ দোয়া পড়তে শিখিয়েছিলেন। দোয়াটির শেষাংশে ঋণ পরিশোধ ও দারিদ্র্য থেকে মুক্তির আবেদন রয়েছে। দোয়াটি হলো—
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযিম। রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, ওয়া মুনযিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান। আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাইউন, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা’দাকা শাইউন, ওয়া আনতায যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন। ইকদি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি।

অর্থ : হে আল্লাহ! আপনি আকাশমণ্ডলী, পৃথিবী ও মহান আরশের প্রতিপালক। আপনি আমাদের প্রতিপালক এবং সবকিছুর প্রতিপালক। আপনি শস্যদানা ও আঁটি বিদীর্ণকারী এবং তাওরাত, ইনজিল ও ফুরকান অবতীর্ণকারী। আপনি যার নিয়ন্ত্রণকারী, তার সব অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনিই প্রথম, আপনার আগে কিছুই নেই। আপনিই শেষ, আপনার পরে কিছুই নেই। আপনিই প্রকাশ্য, আপনার ওপরে কিছুই নেই। আপনিই অপ্রকাশ্য, আপনার বাইরে কিছুই নেই। আমাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের দারিদ্র্য থেকে মুক্ত করে সচ্ছলতা দান করুন। (সহিহ মুসলিম, হাদিস : ২৭১৩)

৩. দুশ্চিন্তা, অক্ষমতা ও ঋণের বোঝা থেকে মুক্তির দোয়া

হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, একদিন রাসুলুল্লাহ (সা.) মসজিদে প্রবেশ করে আনসারি সাহাবি হজরত আবু উমামা (রা.)-কে বসে থাকতে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আবু উমামা! নামাজের সময় ছাড়া তোমাকে মসজিদে বসে থাকতে দেখছি কেন?

তিনি বললেন, হে আল্লাহর রাসুল! দুশ্চিন্তা ও ঋণের বোঝা আমাকে ঘিরে রেখেছে। তখন রাসুলুল্লাহ (সা.) তাঁকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দেব, যা পাঠ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন? তিনি বললেন, অবশ্যই, হে আল্লাহর রাসুল! তখন রাসুলুল্লাহ (সা.) তাঁকে সকাল-সন্ধ্যায় এই দোয়াটি পড়তে বললেন,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউযু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অক্ষমতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই। কাপুরুষতা ও কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই। ঋণের বোঝায় পরাভূত হওয়া এবং মানুষের নিপীড়ন ও কর্তৃত্বের শিকার হওয়া থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

হজরত আবু উমামা (রা.) বলেন, এরপর আমি এ দোয়া পড়তে থাকলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ১৫৫৫)

দোয়ার পাশাপাশি যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি

ইসলাম দোয়া ও আল্লাহর ওপর ভরসা করার পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও শিক্ষা দেয়। তাই অভাব ও ঋণ থেকে মুক্তি পেতে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে অনুসরণ করা উচিত। প্রথমত, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে এবং হারাম ও সন্দেহজনক আয় থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত, অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তৃতীয়ত, ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং সামর্থ্য অনুযায়ী দ্রুত ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। চতুর্থত, ঋণ পরিশোধের নিয়ত আন্তরিক রাখতে হবে। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ পরিশোধের নিয়তে গ্রহণ করে, আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করে দেন। (সহিহ বুখারি, হাদিস : ২৩৮৭)

তাই আসুন, আমরা নিয়মিত এসব দোয়া পাঠ করি, হালাল উপার্জনের চেষ্টা করি, অপচয় থেকে বেঁচে থাকি এবং ঋণ পরিশোধে আন্তরিক হই। মহান আল্লাহ আমাদের সব ধরনের অভাব-অনটন, ঋণের বোঝা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিন এবং হালাল রিজিকে বরকত দান করুন। আমিন।