সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
ধর্ম

মানুষের হক নষ্ট করার পরিণতি

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৬৪ মিনিট পড়া
মানুষের হক নষ্ট করার পরিণতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানুষের হক বা অধিকার রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ তাআলার ইবাদতে অবহেলা করলে বান্দা তাওবার মাধ্যমে ক্ষমা লাভ করতে পারে; কিন্তু মানুষের অধিকার নষ্ট করার বিষয়টি আরো সংবেদনশীল।

কারণ এখানে আল্লাহর হকের পাশাপাশি একজন মানুষের অধিকারও জড়িত। নিম্নে এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো—
মানুষের হক নষ্ট করার পরিণতি : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মান কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। (বুখারি, হাদিস : ২৪৪৯)

মানুষের হক নষ্ট করার সবচেয়ে ভয়াবহ পরিণতি প্রকাশ পাবে কিয়ামতের দিন। সেদিন দুনিয়ার টাকা-পয়সা, সম্পদ কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না; বরং মানুষের অধিকার নষ্ট করার বিনিময়ে নিজের নেক আমল অন্যকে দিয়ে দিতে হবে।

 

রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব কে?’ সাহাবিরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব হলো সেই ব্যক্তি, যার কোনো দিরহাম বা সম্পদ নেই। তখন তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে; অথচ সে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে প্রত্যেক মজলুমকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তার নেক আমল শেষ হয়ে গেলে মজলুমদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে।

অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম, হাদিস : ২৫৮১)
মানুষের হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের ওপর কোনো জুলুম করেছে, সে যেন তার কাছ থেকে এর দায়মুক্তি নিয়ে নেয়।’ (বুখারি, হাদিস : ৬৫৩৪)।

 

আল্লামা আলাউদ্দিন কাসানি (রহ.) তাওবার আলোচনা করতে গিয়ে বলেন, তাওবার পূর্ণতা হলো সম্পদ তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। যখন সম্পদ মালিকের কাছে পৌঁছে যায়, তখন চোরের বিরুদ্ধে তার আর কোনো দাবি অবশিষ্ট থাকে না।

(বাদায়েউস সানায়ে : ৭/৯৬)
ইমাম নববী (রহ.) তাওবা কবুল হওয়ার শর্ত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, গুনাহ যদি মানুষের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে তাওবার জন্য আরো একটি শর্ত রয়েছে। তা হলো মানুষের অধিকারের দায় থেকে মুক্ত হওয়া। যদি সেই অধিকার সম্পদ বা এজাতীয় কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে তা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আর যদি তা অপবাদ দেওয়ার শাস্তি বা এজাতীয় কোনো অধিকারের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে নিজেকে তার প্রতিশোধ গ্রহণের সুযোগ দিতে হবে অথবা তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর যদি তা গিবত বা পরনিন্দার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে যার গিবত করা হয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে। (শরহুন নববি : ১৭/২৪-২৫; রিয়াজুস সালেহিন, পৃষ্ঠা : ৪১)

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) মানুষের অধিকার ও তাওবার পার্থক্য স্পষ্ট করে বলেন, মজলুমের অধিকার জালিমের ক্ষমা প্রার্থনার কারণে বিলুপ্ত হয় না; চাই সে হত্যাকারী হোক কিংবা অন্য কোনোভাবে মানুষের ওপর জুলুমকারী হোক। কেননা শুধু ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে মজলুমের অধিকার রহিত হয় না। (মাজমুউল ফাতাওয়া : ৩৪/১৩৮)

এ বক্তব্যগুলো থেকে বোঝা যায়, মানুষের অধিকার নষ্ট করার ক্ষেত্রে তাওবা শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকারও যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে। (তাফসিরে কুরতুবি : ১৮/১৯৯, মুগনিল মুহতাজ : ৪/৪৩৯, আর-রিসালাহ : ১/১৫৫, মাদারিজুস সালিকিন : ১/৫৯২, আনফাসে ঈসা, পৃষ্ঠা-১৯৮, আল-ফাওয়াকিহুদ দাওয়ানি : ২/৩০২, ইসলাহি খুতুবাত : ২৩/৫৯, ফতোয়ায়ে লাজনায়ে দায়েমা : ২৪/৩৫৭)

অধিকার ফিরিয়ে দেওয়ার উপায় : মানুষের হক নষ্ট করার ধরন অনুযায়ী তা ফিরিয়ে দেওয়ার পদ্ধতিও ভিন্ন। কারো সম্পদ আত্মসাৎ করলে তা ফেরত দিতে হবে। ঋণ থাকলে পরিশোধ করতে হবে। কারো সম্মানহানি করলে যথাসম্ভব তার সম্মান পুনরুদ্ধার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।

গিবত বা অপবাদের ক্ষেত্রে ক্ষতির ধরন বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া এবং যেখানে তার বদনাম করা হয়েছে, সেখানে তার ভালো দিক তুলে ধরা উচিত। তবে অধিকারীকে খুঁজে না পাওয়া গেলে, তিনি মারা গেলে কিংবা সরাসরি ক্ষমা চাইলে নতুন কোনো বড় ক্ষতির আশঙ্কা থাকলে পরিস্থিতি অনুযায়ী বিজ্ঞ আলেমের পরামর্শ নিতে হবে।