সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ, প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য বলেছেন, ৭১ ও ৯০ এর ধারাবাহিকতায় এসেছে ২৪। ৭১ না হলে ৯০ যেমন হতো না তেমনি ২৪ ও হতো না। তাই ৭১ কে বাদ দেয়ার কোনো সুযোগ নেই। নতুন বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন তার মৌলিক অধিকারটুকু ভোগ করতে পারে সেটাই হবে তার চাওয়া।
বুধবার চট্টগ্রামে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে সাঈদ আল নোমান এসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান ফাউন্ডেশনের উদ্যোগে রেডিসন ব্লুতে আয়োজিত এই মাহফিলে ৭১ জন শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে জুলাই বিপ্লবে আহত ২২ জন, ইস্টডেল্টা ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থী ৩৪ জন বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন ১১ জন।
সাঈদ আল নোমান আরও বলেন, চট্টগ্রামের উন্নয়ন এবং চট্টগ্রামের মানুষের কল্যাণই ছিল তার তার প্রয়াত বাবা আবদুল্লাহ আল নোমানের ধ্যানজ্ঞান। পরিচ্ছন্ন ও জনমুখী রাজনীতির পাঠ তিনি তার বাবার কাছ থেকে গ্রহণ করেছেন। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে নিজেকে কানেক্ট করতে চান তিনি। দেশের স্বাধীনতার জন্য যারা ৭১ এ অকাতরে প্রাণ দিয়েছেন সেইসব শহীদদের প্রতিও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
সূত্র: যুগান্তর










