সিল্কসিটিনিউজ ডেস্ক:
আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে ২৭ জন জঙ্গিকে হত্যা করেছে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে বিষয়টি জানা গেছে।
জঙ্গি দমন অভিযানের প্রতিদিনের হালনাগাদ তথ্য জানিয়ে দেওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী ও আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রুদের কাছ থেকে কয়েকটি এলাকা মুক্ত করতে গত ২৪ ঘণ্টায় এএনএসএফ বেশ কয়েকটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ২৭ জনকে হত্যা ও অপর ছয়জনকে আটক করা হয়েছে।’

বিৃবতিতে বলা হয়, দেশের ৩৪টি প্রদেশের ১১টি পরিচালিত এসব অভিযানে ১৭জন জঙ্গি আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী কয়েকটি গাড়ি বোমা, তিনটি মোটর সাইকেল ও সন্ত্রাসীদের দুটি আস্তানা ধ্বংস করে এবং বেশ কিছু হালকা ও ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
তবে বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি।
স/শ










