সদ্য প্রকাশিত
রাজনীতি

‘হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে, আমি হেলিকপ্টারে বাড়ি এসেছি’

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৫২ মিনিট পড়া
‘হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে, আমি হেলিকপ্টারে বাড়ি এসেছি’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী লীগের নির্যাতনের ভয়ে প্রায় দেড়যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে একবার এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে আবার চলে যেতে হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর হেলিকপ্টারে নিজ এলাকায় ফিরলেন ওই বিএনপি নেতা।

সোমবার বিকাল সোয়া ৩টায় হেলিকপ্টারে করে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব। তিনি ওই ইউনিয়নের গৌড়দিয়ার পার্শ্ববর্তী সলিয়া গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে করে অবতরণের পর বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির নেতাকর্মীসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী। পরে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটেই মিছিলসহকারে তিনি নিজ বাড়িতে পৌঁছান।

বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী হাসিনার কবলে আমরা অনেকেই নির্যাতিত। এই ইন্ডিয়ান তাঁবেদার আমাদের নিষ্পেষিত করে রেখেছিল। আমরা সেই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। শেখ হাসিনা না পালালে আমার প্রিয় জন্মভূমিতে আসা সম্ভব ছিল না।

তিনি আরও বলেন, আপনারা জানেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দিনের বেলাতেই হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি। আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমি দখল করে নিয়ে গেছে।

এদিকে বিএনপি নেতা হাসিবুল হাসানের আগমন উপলক্ষে এলাকায় একাধিক তোরণ তৈরি করা হয়েছে। পাশাপাশি ফেস্টুন লাগিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সন্ধ্যায় তার বাড়ির আঙিনায় ‘বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়’ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

সূত্র: যুগান্তর