সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেখদুন শহরে বিষাক্ত রাসায়নিক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরটিতে মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়।
প্রতক্ষ্যদর্শীরা বলেন, ভোর বেলায় একের পর এক বিস্ফোরণের পরপরই শহরবাসীর মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। কারো দমবন্ধ হয়ে যায়, কেউ কেউ বমি করতে শুরু করে, কারো মুখে ফেনা ওঠে। শহরবাসী দলে দলে হাসপাতালে ভিড় জমায়। অসুস্থতার লক্ষণ দেখে ডাক্তাররা বলছেন, শহরবাসীর উপর সম্ভবত কোনো বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছে। ভয়ংকর কষ্টের এ দৃশ্য চোখে দেখার মতো নয়।

হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১টি শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। হতাহতের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলো যথাযথ চিকিৎসাসেবা দিতে পারছে না বলে খবর পাওয়া গেছে।
প্রতক্ষ্যদর্শীরা বলেন, যেসব বিমানে হামলা চালানো হয়, সেগুলো চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তা সিরীয় সরকারের বা রাশিয়ার বিমান হতে পারে। এর আগে ২০১৩ সালের আগস্টে রাজধানীর পার্শ্ববর্তী গুতাতে সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সরকার অবশ্য এর জন্য বিদ্রোহীদের দায়ী করে।
সূত্র: রাইজিংবিডি










