সিল্কসিটিনিউজ ডেস্ক:সুইডেনের রাজধানী স্টকহোমে লরি হামলায় জড়িত থাকার সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। ওই হামলায় চারজন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
শুক্রবার দুপুরে স্টকহোমের কুয়িন স্ট্রিটের একটি ডিপার্টমেন্টাল স্টোরে এ হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত লরিটি একটি বিয়ার কোম্পানির। ঘটনাস্থলের কিছু দূরে এটি ছিনতাই করা হয় বলে কোম্পানি সূত্র জানায়।
তবে হামলার পরপরই এর চালক ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। এদের একজনকে শুক্রবার সন্ধ্যায় স্টকহোমের মারস্তা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়তে হত্যার অভিযোগ আনা হয়েছে। পরে জুলস্তা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। 

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে যোগসূত্র রয়েছে। তাদের একজনের ছবিও প্রকাশ করেছে পুলিশ। এছাড়া সন্দেহভাজন আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
ওই হামলার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লফভেন শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই হামলায় সুইডেনের মর্যাদা, গণতন্ত্র এবং স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে না।’ প্রধানমন্ত্রীর নির্দেশে দেশটির সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন










