সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন হামলার বিরুদ্ধে ট্রাম্পের ১৮ টুইট

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০১৭৫ মিনিট পড়া
সিরিয়ায় মার্কিন হামলার বিরুদ্ধে ট্রাম্পের ১৮ টুইট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজকে যে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সিরীয় যুদ্ধ’র সূচনা করেছেন, সেই তিনিই দেশটিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ভীষণ সরব হয়েছিলেন একসময়। তার বিভিন্ন টুইটার পোস্টেও এর নজির মিলেছে।

 

২০১৩-১৪ সালে বিষাক্ত গ্যাস ব্যবহার করে আক্রমণের প্রতিক্রিয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সামরিক হামলার কথা বললে, ট্রাম্প তীব্র সমালোচনা করেন। আজ তিনিও পূর্বসূরীদের মতো মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক আগ্রাসনের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তিনি সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিপুল পরিমাণ টুইটবার্তা পোস্ট করেন। এমন ১৮টি টুইটবার্তা পাঠকের সামনে এনেছে সুবিখ্যাত টাইম ম্যাগাজিন।

 

টুইট্গুলো তুলে ধরা হলো:

২০১৩ সালের ১৬ জুন এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, “আমাদের সিরিয়া থেকে দূরে থাকা উচিত। ওই ‘বিদ্রোহীরাও’ ততোটাই খারাপ, যতোটা সেখানকার ক্ষমতাসীন শাসক। এখান থেকে আমরা কী পাবো? শূন্য।”

২৮ আগস্ট টুইন টাওয়ার হামলার দিকে ইঙ্গিত করে তিনি সিরীয় বিদ্রোহীদের সম্পর্কে বলেন, “মনে রাখুন, সিরিয়ার ওই ‘স্বাধীনতা যোদ্ধারা’ আমাদের ঘরে বিমান ঢুকিয়ে দিতে চায়।

”

২৯ আগস্ট সিরিয়ায় হামলা চালানো সম্পর্কিত টুইটে ট্রাম্প বলেন, ‘আমরা সিরিয়ায় কবে হামলা চালাতে যাচ্ছি, কেন এটাই প্রচার করা হচ্ছে। যদি হামলা চালাতেই হয়, তাহলে কেন আমরা এ সম্পর্কে একটু চুপ থেকে তাদের অতর্কিত হামলা চালাতে পারছি না?’

 

এর পরের টুইটে ট্রাম্প বলেন, ‘আমি সিরিয়ায় হামলা চালাতে যাচ্ছি না। তবে যদি আমি হামলা চালায়, তবে তা হবে অতর্কিতে। সংবাদমাধ্যমে বোকার মতো প্রচারণা চালাবো না।’

 

এরপর তিনি বলেন, ‘যদি আমরা বোকার মতো সিরিয়ায় হামলা চালায়, তবে তা হবে ছবির সেই সংলাপের মতো – আগে গুলি, পরে কথা!’

 

অপর এক টুইটে তিনি বলেন, ‘আরব লীগকে সিরিয়ার দায়িত্ব নিতে দিন। হামলার ওই বিশাল অংকের খরচ কেন ওই ধনী আরব দেশগুলো বহন করবে না?’

একইদিনে তিনি আরও বলেন, ‘সিরিয়ায় বোমা ফেলে ঋণের বোঝা বাড়ানো আর দীর্ঘ মেয়াদী সংঘর্ষ ছাড়া আমাদের আর কী পাওয়ার আছে? হামলার জন্য কংগ্রেসের অনুমোদন দরকার ওবামার।’

 

৫ সেপ্টেম্বর ওবামাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছিলেন, ‘আমি আমাদের বোকা নেতাকে আবারও বলতে চাই, সিরিয়ায় হামলা চালাবেন না। ওই হামলার অনেক বাজে প্রতিক্রিয়া হবে। কিন্তু তাতে যুক্তরাষ্ট্র কিছুই পাবে না।’

 

পরদিন এক টুইটবার্তায় বলেন, ‘রাশিয়া ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ওবামার সিরিয়া যুদ্ধ বিশ্বব্যাপী সংঘর্ষে পরিণত হতে পারে।’

 

ট্রাম্প আরও বলেছিলেন, ‘অনেক সিরীয় বিদ্রোহীই জঙ্গি মতবাদে বিশ্বাসী, যারা খ্রিস্টানদের হত্যা করছে। আমরা কিভাবে তাদের সঙ্গে নিয়ে যুদ্ধ করবো?’

 

৭ সেপ্টেম্বর এক টুইটে ওবামার স্বাস্থ্যনীতির সমালোচনা  ট্রাম্প বলেন, ‘যদি সিরিয়াকে ওবামাকেয়ার গ্রহণ করতে চাপ দেওয়া হয়, তাহলে একটা গুলি খরচ না করেই তারা নিজ থেকে ধ্বংস হয়ে যাবে। ওবামার উচিত এই আইডিয়া তাদের কাছে বিক্রি করা।’

 

একইদিনে অপর এক টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ওবামা, সিরিয়ায় হামলা চালাবেন না। এখানে অর্জনের কিছু নেই। কিন্তু হারানোর আছে অনেক কিছুই। কোনও এক গুরুত্বপূর্ণ দিনের জন্য আমাদের শক্তি সঞ্চয় করে রাখুন।’

৯ সেপ্টেম্বর তিনি টুইটারে পোস্ট করেন, ‘সিরিয়ায় হামলা চালাবেন না – এটি এমন এক হামলা যেখানে পাওয়ার কিছু নেই, অথচ তা আমাদের ঝামেলার কারণ। আমাদের দেশটাকে শক্তিশালীভাবে গড়ে তুলে মহান করার দিকে মনোযোগ দিন।’

 

১১ সেপ্টেম্বর ট্রাম্প বলেন, ‘ওবামার এখন অবশ্যই আমাদের দেশ, কর্মসংস্থান, স্বাস্থ্য সুরক্ষা এবং অন্যান্য সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত। সিরিয়াকে ছাড়ুন, আর যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তুলুন।’

 

১৩ সেপ্টেম্বর এক টুইটবার্তায় তিনি বলেন, আমাদের এসব আলোচনা বন্ধ করে সিরিয়া ও যেসব দেশ আমাদের ঘৃণা করে, তাদের থেকে দূরে থাকা উচিত। আর নিজের দেশকে শক্তিশালীভাবে গড়ে তুলে যুক্তরাষ্ট্রকে আবারও মহান করা উচিত।’

 

এর একবছর পর ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘সিরিয়ার কথিত ‘উদার’ বিদ্রোহীরা ওবামার বক্তব্যের পর আইএসকে সমর্থন করেছে। তাদের সশস্ত্র করা উচিত নয়।’

 

১৮ সেপ্টেম্বর ট্রাম্প বলেন, ‘ওবামা এবার ইরাকে আইএস মারবেন, আর সিরিয়ায় তাদের সশস্ত্র করবেন? তিনি কি করতে চাচ্ছেন!’

 

২০১৪ সালের ২০ সেপ্টেম্বর অপর এক টুইটে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আপনারা কি মনে করেন, ওবামা সিরিয়ায় ‘উদার’ বিদ্রোহীদের সশস্ত্র করছেন। তাদের পরিচয় নিশ্চিত নয়। তিনি যা করছেন, তার ফল আমাদেরই ভোগ করতে হবে।”

২০১৩-১৪ সালে ট্রাম্প এসব কথা বললেও এবারের হামলায় তিনি কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনও মনে করেননি। আবার হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের তোয়াক্কাও করা হয়নি।

 

উল্লেখ্য, রাসায়নিক অস্ত্র হামলার জের ধরে সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার ভোরে ভূমধ্যসাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের দু’টি যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত আল-শায়রাত বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল ইদলিবে বিমান থেকে চালানো রাসায়নিক গ্যাস হামলার জবাবেই মার্কিন বাহিনী ওই হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, ‘সিরিয়ার চালানো রাসায়নিক হামলার জবাবে আমি সামরিক স্থাপনায় ওই হামলা চালানোর নির্দেশ দিয়েছি। এই মারাত্মক রাসায়নিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

 

চলতি মাসে ইদলিবে ওই রাসায়নিক গ্যাস হামলায় ৮৬ জন নিহত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ২০১৩ সালের আগস্টে সারিন গ্যাস হামলার অভিযোগ ওঠার পর এটিই সবচেয়ে ভয়াবহ রাসায়নিক হামলা। আসাদবিরোধী বিদ্রোহীরা এই হামলায় সরকারী বাহিনী ও রাশিয়াকে দুষলেও এ দাবি অস্বীকার করেছে সিরীয় সেনাসূত্র ও রুশ কর্তৃপক্ষ।

 

২০১৩ সালের রাসায়নিক হামলায় প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত হন। ওই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর কথা বলেছিলেন। আর টুইটারে তার সমালোচনার ঝড় তুলেছিলেন ট্রাম্প।

সূত্র: বাংলা ট্রিবিউন