সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে মাতার সম্পত্তি হতে বঞ্চিত দুই বোন তাদের অংশিদারিত্ব ফিরে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আকুতি জানিয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় সাপাহার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোসাঃ আলিফ নুর ও তার বোন গুলফ বিবি লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

তাদের বক্তব্যে বলেন, উপজেলার হাপানিয়া গ্রামের মৃত বেলাল হোসেন এর স্ত্রী মোসাঃ রাশেদা বেগম (৯৫) দীর্ঘ দিন অসুস্থ্য হয়ে বিছানায় পড়ে থাকলে তার দুই পুত্র আব্দুর রহমান (৭০) ও মজিবর রহমান (৫৫) একই মাতার সন্তান তাদের দুই বোন মোসাঃ আলিফ নুর (৬৫) ও গুলফ বিবি (৫০) কে মাতার সম্পত্তি হতে বঞ্চিত করে গত ২৫মে রাতের অন্ধকারে মাইক্রো যোগে তাদের মাতা রাশেদা বেগমকে সাপাহার সাব রেজিষ্ট্ররী অফিসে নিয়ে এসে গোপনে ১০বিঘা সম্পত্তি সমুদয় কবলা করে নেন। পরবর্তীতে বোনেরা বিষয়টি জানতে পেরে সাব রেজিষ্ট্ররী অফিস হতে দলিলের জাবেদা নকল তুলে বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে তারা তাদের ভাইদের নিকট বার বার ধর্না দিলেও ভাইয়েরা বোনদের কোন কথাই আমলে না নিলে নিরুপায় হয়ে অসহায় দুই বোন তাদের অংশিদারিত্ব ফিরে পেতে সাপাহার প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপন ভাইদের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রকাশ করেন।
স/অ










