সদ্য প্রকাশিত
রাজনীতি

সরকার আওয়ামী ভীতি কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফরমে নিয়ে আসবে : গোলাম মাওলা রনি

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৫৭ মিনিট পড়া
সরকার আওয়ামী ভীতি কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফরমে নিয়ে আসবে : গোলাম মাওলা রনি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সরকার আওয়ামী ভীতিকে কাজে লাগাতে চাইবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, যখনই এই আওয়ামী জুজুর ভয় দেখানো হবে অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফরমে চলে আসবে। সবাই ড. মুহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউবে আলোচনায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণ হলো, শেখ হাসিনার দ্বারা বা আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কমবেশি আহত হয়েছেন। নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই অপমানিত-লাঞ্ছিত হওয়ার পর প্রায় সবার ব্যাকবন ভেঙে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে গত ১১ মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে, তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না, তারা যে ঐকমত্যে পৌঁছাতে পারছে না, এর মূল কারণটা হলো, তাদের সেই আত্মবিশ্বাস ও চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা যেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন এই জিনিসগুলো মানুষের অত্যাচারে আওয়ামী সরকারের অত্যাচারে তছনছ হয়ে গেছে।

ফলে যখনই শেখ হাসিনার নাম আসে, আওয়ামী লীগের নাম আসে, এক ধরনের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে। তারাই বলার চেষ্টা করছে, আওয়ামী লীগ যদি ক্ষমতাতে আসে, তারা কয়েক কোটি লোক হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তির একটা রাজনৈতিক কৌশল হতে পারে। মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য।
তিনি আরো বলেন, ঠিক সেইম কাজটা কিন্তু আওয়ামী লীগও করেছিল।

তারা নিজেদের নেতাকর্মীদের বারবার ভয় দেখাত, এই দিন দিন নয় আরো দিন আছে। আমরা সারা জীবন ক্ষমতায় থাকব না। ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই, বিএনপি যদি ক্ষমতায় আসে আমাদের ১০ লাখ লোককে মেরে ফেলবে। কাজেই এই মৃত্যুঝুঁকি থেকে বাঁচতে হলে ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো।

এটা ছিল মোটিভ। তো ঠিক সেইম মোটিভটা যদি ড. ইউনূস সরকার করে থাকে তাহলে এখানে তো আমি অন্যায় কিছু দেখছি না।
গোলাম মাওলা রনি বলেন, সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন। আবার হুট করে ঢুকে পড়বেন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে পাবেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে পায় তাহলে কী কী সৃষ্টি ঘটতে পারে? সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন, এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই। সব তালিকা তারা করে রেখেছে। তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে? কার গায়ে কয়টা ডিম মারা হয়েছে? কিভাবে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে। কিভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কড়ায় গণ্ডায় আদায় করা হবে। শুধু টিট ফর ট্যাট নয়। কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার ৩২টা দাঁত ফেলে দেওয়া হবে। কেউ যদি একটা চড় দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে আদিম যুগের মতো পাথর মারা হবে। যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায়। ৩২ নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, মূর্তির সেই খোল মানে মাথার খোলে প্রস্রাব করা, এই গর্হিত কাজগুলোর দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে। এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, এখন সেটা কি বিএনপির লোক ছড়াচ্ছে, না জামায়াতের লোক ছড়াচ্ছে? ইউনূস সাহেব ছড়াচ্ছেন নাকি, শেখ হাসিনা নিজে ছড়াচ্ছে, এটা আমি জানি না। কিন্তু এই শব্দগুলো সব পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে। ব্যবসা মানে কী? শেখ হাসিনা যদি এই ভয়টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখাতে পারেন, জনগণকে দেখাতে পারেন, তাহলে তার নেতাকর্মীদের ওপর অত্যাচার জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ঘটবে না। ফলে যেকোনো মূল্যে তাকে যদি সারভাইভ করতে হয়, অর্থাৎ তার যদি ৩৫% ভোটারকে রক্ষা করতে হয়, তাহলে বোঝার চেষ্টা করুন যে ১৮ কোটি মানুষের ৩৫% কত কোটি মানুষ হয়। এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে। এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার। অহমিকা করা দরকার। গালাগাল করা দরকার। রাজনীতি করা দরকার। পাকনামা করা দরকার। যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে এটাই তো স্বাভাবিক। এবং সেটা দেখে আমরা ভয় পাব কি পাব না এটা আমাদের বিষয়।

তিনি বলেন, আমাদের দেশে জুলাই মাসের নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই। একইভাবে আগস্ট মাস একটা দুর্ঘটনা ও সুখের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই বাংলায় অন্তত তিন যুগ বা চার যুগ ধরে জুলাই ও আগস্টকে কেন্দ্র করে অনেক অঘটন ঘটেছে, রক্তক্ষী সংঘর্ষ হয়েছে। এই সময়ে কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায়। কখনো রাজনীতি বিরূপ হয়ে যায়। বাংলাদেশের বিরুদ্ধে কখনো দেশি বিদেশি চক্র সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নেমে পড়ে। আমাদের দেশের মধ্যেও যারা বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করেন তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটানোর জন্য ওত পেতে বসে থাকে। এটা একটা সার্কেল। প্রকৃতির সার্কেল। সকালে সূর্য উঠে পূর্ব দিকে। আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিক অস্ত যায়। এটা যেমন ধ্রুব সত্য। ঠিক তদ্রুপ বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে জনজীবনে জুলাই ও আগস্ট এই সময়টি নানা রকম উৎকণ্ঠার সময়। এ সময়টি নানা রকম অঘটনের সময় এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে এগুলো প্রায় সবার হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল। এখন ভিডিও ঘুরে বেড়াচ্ছে, হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলিবর্ষণ করেছে। অসংখ্য লাশ গুম করা হয়েছে। অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা করা হয়েছে। সাধারণ জনতা যেভাবে রাষ্ট্রীয় দমন-পীড়নে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি আমরা অতীতে কখনো দেখিনি।

গত বছরের বিয়োগাত্মক ঘটনা এবং এই বছর যেকোন কারণে হোক পরিবর্তিত পরিস্থিতিতে সরকার আমাদের জনগণের চাহিদা মিটিয়ে সন্তুষ্ট করতে পারেনি। আর যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে ভয়জাগানিয়া কোনো কর্মকাণ্ড করা এটাও তারা পারেনি। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা মামলা করেছে, মোকদ্দমা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কিন্তু এগুলোতে আসলে কোন কাজ হয় না। কেউ যদি পরাজিত হয়, নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয়।

শেখ হাসিনার সময়ে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যদি জীবনের সব ক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে, সেই মানগুলো শেখ হাসিনার সময়ে যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম, সফলতা দ্বারা, সার্থকতা দ্বারা, জনগণের প্রশংসা দ্বারা, জনগণের স্বীকৃতি দ্বারা। তাহলে এ প্রশ্নই আসতো না যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসবে। ওটা ভালো ছিল। এটা মন্দ ছিল। ইট মিন্স আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি। আমরা তাদেরকে তাড়িয়েছি, তাদের সম্পদ হরণ করেছি। তাদেরকে জেলে পুড়েছি, মামলা দিয়েছি, মোকদ্দমা দিয়েছি। সেটা তো শেখ হাসিনাও করেছেন। তিনি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন, বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন তার ক্রিয়দাংশ তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারিনি।

আওয়ামী লীগের যারা গ্র‍্যান্ড লিডার, যাদের টাকা আছে কড়ি আছে, ক্ষমতা আছে, পদ আছে পদবী আছে, তারা নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পরিবার পরিজন নিয়ে তারা চলে গেছেন। তারা এখন এত উচ্চস্বরে কথা বলছেন তাদের কথাবার্তা শুনলে ড. মুহাম্মদ ইউনূসের কলিজা কেঁপে উঠবে। বিদেশে বসে, লন্ডনে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ আমেরিকাতে বসে, কেউ সিঙ্গাপুরে বসে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। তাদের যে সকল লোক বাংলাদেশে পালিয়ে রয়েছেন তারা তো বটেই; তার সঙ্গে সঙ্গে জেলখানাতে যারা অবরুদ্ধ রয়েছেন বন্দি রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হাসি লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ রকম উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকার বা জনগণ আমরা যারা সাধারণ রয়েছি আমরা নিজেরা ভয় পাচ্ছি। আওয়ামী লীগকে ভয় পাচ্ছি। কিন্তু আওয়ামী লীগকে আমরা কেউ ভয় দেখাতে পারছি না। চেষ্টা করেছি কিন্তু সামর্থ্য আমাদের হয়নি। এখন সেই অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। অদ্ভুত এবং আজব সব কথাবার্তা।

 

সূত্র: কালের কণ্ঠ