সিল্কেিসটিনিউজ ডেস্ক:
অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়ে তুলব। সকল ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করব। ’
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সব ধর্ম-বর্ণের মানুষের কথা চিন্তা করেই তাঁর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে ধর্ম পালন করবে, মর্যাদা নিয়ে চলবে। আমাদের উন্নয়ন সকলের উন্নয়ন, কাউকে বাদ দিয়ে নয়। আমরা সকলের ভাগ্য পরিবর্তন করতে চাই। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে চাই। ’
ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকে যাঁরা বৌদ্ধ সম্প্রদায়ের এখানে উপস্থিত আছেন, তাঁদের এইটুকুই বলব, আপনাদেরই দেশ, আপনাদেরই মাটি, সকলেই সমমর্যাদা নিয়ে ধর্ম পালন করবেন এবং সেই মর্যাদা নিয়েই চলবেন, আমরা সেটাই চাই। ’
সরকারপ্রধান বলেন, ‘আমাদের সকল ধর্মের মূলমন্ত্র এক। বৌদ্ধ ধর্মের মূল কথা শান্তি। গৌতম বুদ্ধ মানুষে মানুষে সংঘাত পরিহার করতে বলে গেছেন। ’
ধর্মনিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের মানুষ নিরপেক্ষভাবে ধর্ম পালন করবে। সকলের মাঝে সৌহার্দ্য থাকবে। সকলে মিলে একটি শান্তিপূর্ণ দেশ গড়ে তুলব। ’
জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ওই লুটেরা, দুর্নীতিবাজ যারা সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারী তাদের এই মাটিতে কোনো স্থান হবে না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তি চায় এবং শান্তির সঙ্গে তারা বসবাস করবে। ’
সহিংসতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষ পুড়িয়ে মারার ঘটনা যেন আর না ঘটে। ’
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো, উপসংঘ প্রধান রাজ সত্যপ্রিয় মহাথেরো, পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষু সংস্থার সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরো, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধকল্যাণ সংঘের ট্রাস্টি সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অপর ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া বক্তব্য দেন।
এর আগে বৌদ্ধ ধর্মগুরু এবং সংঘ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে প্রকাশিত একটিব্রুশিয়ারের মোড়ক উন্মোচন করেন।
সূত্র : বাসস









