সদ্য প্রকাশিত
রাজনীতি

‘সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে’

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৫২ মিনিট পড়া
‘সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশ ও জাতি ভীষণ সংকট আর অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেছেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো, স্বাবলম্বিতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি ষড়যন্ত্র। আমরা বলতে চাই, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করেন।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-আইইবিতে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ইইবি) আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী শোয়েব বাসরী হাবলু। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইইবির সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী খালেদ হাসান ফাহিম প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য উদ্বৃত করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘তিনি (আইন উপদেষ্টা) কিছু ছাত্রকে বলেছেন বাবারা তোমরা আরও ৫-১০ বছর থেকে দেশটাকে ঠিক করে দিয়ে যাও। আরও ৫ বছর! কেন? এটা ছাত্রদের মধ্যে স্বৈরাচারি মনোভাব ঢুকিয়ে দেওয়ার প্রবণতা। বিনা ভোটে, বিনা নির্বাচনে জনগণের প্রতিনিধি ছাড়া একটি সরকার ৫-১০ বছর কী করে থাকে? এর আইনগত কোনো ভিত্তি নাই।’

রিপন প্রশ্ন রাখেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালিত হওয়া সম্ভব হয় কিনা? একজন আইন উপদেষ্টা এটা কী করে বলেন ভাবা যায়? কত বড় একটা ফ্যাসিস্ট-আউট লুক। একটি ফ্যাসিস্টকে তাড়িয়ে যদি আমরা আরেকটি ফ্যাসিবাদী ধারণা বহন করি! যদি একটি অনির্বাচিত সরকার ৫-১০ বছর থাকতে পারে- এই ধরনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে উসকে দেওয়া এটা একটা জঘন্য অপরাধ।

তিনি বলেন, আমরা এমন সরকার ব্যবস্থা চাই- যা গণতান্ত্রিকপন্থায় নির্বাচিত হবে। কিন্তু তা না করে সরকার শুধু প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না- এমন সংস্কারের কথা বলছে।এতে জনগণের লাভ কী। আমরা ৫ বছর পর কোনো মোঘল সম্রাট তৈরি করতে চাই না।

 

সূত্র: যুগান্তর