সিল্কসিটিনিউজ ডেস্ক:
ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা। ম্যাচটা বৃষ্টিতে পণ্ড না হলে সিরিজ জিততে পারতেন বলে মনে করেন তিনি, ‘ডাম্বুলায় আগে ব্যাটিং করে আমরা ৩১১ রান করেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে খেলা হয়নি। শ্রীলঙ্কায় ৩০০ রান তাড়া করে ম্যাচ জেতা খুব কঠিন।’

তারপরও তৃতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে পেরে স্বস্তি পেয়েছেন থারাঙ্গা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তার মন্তব্য, ‘এই ম্যাচ আমাদের জিততেই হতো। ফিরে আসার ম্যাচে সবাই অসাধারণ খেলেছে। আমাদের সূচনা ছিল দুর্দান্ত। মাঝে দুটি রান আউটে অস্বস্তিতে পড়লেও শেষ পর্যন্ত ভালোভাবেই ম্যাচটা শেষ করতে পেরেছি।’
বাংলাদেশকে শুরুতেই বিপদে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুই পেসার নুয়ান কুলাসাকারা ও সুরঙ্গা লাকমাল। দু’জন মিলে টাইগারদের ৬ উইকেট তুলে নিয়েছেন। দুই পেসারকে প্রশংসার বন্যায় ভাসিয়ে থারাঙ্গা বললেন, ‘২৮০ রান ডিফেন্ড করতে হলে শুরুটা ভালো হওয়া খুব গুরুত্বপূর্ণ। কুলাসাকারা ও লাকমাল পাওয়ার প্লেতে অসাধারণ বল করেছে। শুরুতে তিন উইকেট নিয়ে আমাদের কাজটা সহজ করে দিয়েছে তারা।’
সূত্র: বাংলা ট্রিবিউন










