সদ্য প্রকাশিত
রাজনীতি

শৈলকুপায় নৌকায় ভোট চাইলেন কৃষক লীগ নেতা নজরুল

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
শৈলকুপায় নৌকায় ভোট চাইলেন কৃষক লীগ নেতা নজরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে কৃষক লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল বিশ্বাস শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সকালে ঝিনাইদহ জেলা শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার মোটরসাইকেল, জিপ, মাইক্রোবাস, ট্রাক নিয়ে মোটর শোভাযাত্রাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শৈলকুপা উপজেলার ভাটাই বাজার, গাড়াগঞ্জবাজার, শেখপাড়া, চড়িয়ার বিল, কাঁচেরকোল, ওমেদপুর, উপজেলা শহরের মুজিবচত্বরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি।

সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। তিনি আওয়ামী লীগের মনোনয়প্রত্যাশা করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। শৈলকুপা উপজেলায় সামাজিক অধিপত্য বিস্তার নিয়ে গ্রামে গ্রামে সংঘাত বন্ধে কার্যকরী ভূমিকা নেবেন বলেও পথসভায় উপস্থিত হাজারো জনতার কাছে ওয়াদা করেন তিনি।

বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করাসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে চলমান অনিয়ম দূর করে শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তোলার কথা বলেন।

নদ-নদী, খাল-বিল খনন করে মৎস্যসম্পদ বৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকারও করে তিনি। দলের নিবেদিত ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শৈলকুপা উপজেলা কৃষক লীগ সভাপতি জাহিদুন্নবী কালু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অ্যাডভোকেট আজাদসহ স্থানীয় নেতারা।

তারা বলেন, কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন গ্রামে নিজস্ব অর্থে স্কুল-কলেজ-মাদ্রাসা, রাস্তাঘাটের উন্নয়নসহ সামাজিক হানাহানি বন্ধে নজরুল ইসলাম কাজ করে যাচ্ছেন। তাকে ঘিরে নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন নেতাকর্মীরা।