কামাল হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ট্রবেরীর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাবলম্বী হচ্ছে স্ট্রবেরী চাষীরা। শিবগঞ্জের উৎপাদিত স্ট্রবেরী দেশের বিভিন্ন জেলা ও জেলার বড় বড় শহরে সরবরাহ করা হচ্ছে। এ পর্যন্ত শিবগঞ্জে প্রায় ৩০বিঘা স্ট্রবেরী ফলের চাষ হয়েছে।
সরেজমিনে জমিতে গেলে স্ট্রবেরী চাষীদের সাথে কথা হয় এ প্রতিবেদকের। উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের মৃত সলেমানের ছেলে ইসমাইল (৩৫) মৃত এন্তাজের ছেলে বাবুল (৪৫) মফিজুল হকের ছেলে ইসমাইল (৪০) ও আতাবুর মেম্বারের ছেলে দুরুল ইসলাম (৩৫) চার যুবক জানান এ বছর চারজন মিলে সাড়ে ছয় বিঘা জমিতে স্ট্রবেরী ফলের চাষ করেছেন। নিজের জমি না থাকায় বছর প্রতি ১৩ হাজারা টাকা দরে ৩ বছরের জন্য সাড়ে ছয় বিঘা বর্গা নিয়ে তিন বছর আগে স্ট্রবেরী ফলের চাষ শুরু করেছেন।
তারা জানান, জমি তৈরী করে অক্টোবর মাসের দিকে চারা রোপন করেছি। গত ডিসেম্বর মাস থেকে ফল পেতে শুরু করেছি। এ পর্যন্ত ৬ লাখ টাকার স্ট্রবেরী ফল বিক্রি করেছি। লক্ষ্যমাত্রা রয়েছে ১৮ লাখ টাকা। আশা করি লক্ষামাত্রা ছাড়িয়ে যাবে। কারণ এ মৌসুমে প্রাকৃতিক আবহাওয়া স্ট্রবেরী ফলের অনুকূলে। সামনে এপ্রিল মাস পর্যন্ত স্ট্রবেরী ফল পাওয়া যাবে। দামও ভাল পাওয়া যাচ্ছে। রাস্তা-ঘাটে কোন সমস্যা হচ্ছে না। প্রতিদিন সন্ধ্যার আগে ফল তুলে প্যাকেটিং করে কার্টুনে ভর্তি করে ঢাকা নাইট কোচে ঢাকার কাওরান বাজারে পাঠাতে হয়। সেখান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রাহক এসে কেজি প্রতি ৩০০ টাকা দরে খুচরা বা পাইকারী ক্রয় করে নিয়ে যায়।

তারা আরও জানায়, তিন বছর আগে বিনোদপুর আলিয়া মাদ্রাসার আরবীর সহকারী অধ্যাপক মাওলানা ইকবাল হোসেনের নিকট হতে পরামর্শ নিয়ে এ ফলের চাষ শুরু করেন। প্রথম দিকে তেমন ফলপ্রসূ হতে না পারলেও পরবর্তীতে ভাল লাভবান হয়েছের। ইচ্ছা আছে প্রতিবছরই চাষের মাত্রা বৃদ্ধি করবেন।
চারা রোপন, আগাছা পরিস্কার, সার বিষ সব মিলিয়ে বিঘা প্রতি ১ লাখ ১০ হাজার টাকা খরচ হয় এবং উৎপাদিত ফল থেকে পাওয়া যায় দুই লাখ ১০ হাজার টাকা। খরচ বাদে লাখ হয় ১ লাখ টাকা। তাছাড়া বছরে ৮ মাস যাবত ১০ জন লোকের কর্মসংস্থান হচ্ছে। নিজেরাও স্বাবলম্বী হওয়া যায়।
একইভাবে বর্ণনা দিলেন একই গ্রামের মৃত আজাহার আলির ছেলে আলহাজ নাজিবুর রহমান (৫৫)। তিনি বলেন, সাত বছর আগে মাত্র ৭ কাঠা জমি বর্গা নিয়ে স্ট্রবেরীর চাষ করে খরচ বাদে ২০ হাজার টাকা লাভ হয়েছিল। পরের বছর একই ভাবে ২২ কাঠা জমিতে চাষ করে এক লাখ টাকা খরচ করে ফল বিক্রি করেছিলাম ১ লাখ ৪০ হাজার টাকার। তৃতীয় বছরে চারা মারা যাওয়ায় লাভ করতে পারেনি। চতুর্থ বছরে ৩ বিঘা চাষ করে খরচ বাদে লাভ হয়েছিল ৩ লাখ টাকা। ৫ম ও ৬ষ্ঠ বছরে আন্দোলন ও হরতালের কারণে পুঁজি হারিয়ে দিয়েছিলাম। ৭ম অর্থাৎ এ বছরে সাড়ে ৭ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেছি। ১৫ জন লোকের বছরে ৮ মাস কর্মস্থানের ব্যবস্থা হয়েছে। এ বছরে খরচ বাদে ১৩ লাখ টাকা লাভ হতে পারে। তিনি আরো স্ট্রবেরী ফল থেকে বিভিন্ন ধরনের জুস, কসমেটিকস দ্রব্য,ঔষধ তৈরী হয়। তাছাড়া এফল পেট পুরে খেলেও কোনক্ষতি করে না।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কর্মকর্তা আমিনুজ্জামান, জানান, এ বছর শিবগঞ্জে ৩০ বিঘা জমিতে স্ট্রবেরী ফলের চাষ হয়েছে। তারমধ্যে দূর্লভপুর ইউনিয়নের কালুপুর মাঠেই প্রায় ১৮ বিঘা রয়েছে। স্ট্রবেরী ফলের চাষ করা লাভজনক। তবে ধৈর্য্যরে প্রয়োজন। কোন কোন বছর কোন লাভ না হতে পারে।
তিনি বলেন, শিবগঞ্জ মূলত আম চাষ কেন্দ্রিক হওয়ায় ১০-১৫ বছর পর অন্যান্য ফলের ও ফসলের চাষ স্বাভাবিক ভাবেই কমে যাবে। তবে আমাদের পরিকল্পনা রয়েছে বিশেষ করে স্ট্রবেরী ফলের চাষ টিকিয়ে রাখতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা। কারণ এ ফলের চাষে বিঘা প্রতি এক লাখ লাভ হয়। যা অন্যান্য কোন চাষে এত লাভ হয় না।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমি স্ট্রবেরীর বাগান পরিদর্শন করেছি। আম বাগানের মধ্যে বাড়তি আয় করতে স্ট্রবেরীর ফলের চাস সত্যি চমকপ্রদ। এখানে খরচ বাদে বিঘা প্রতি এক থেকে সোয়া লাখ টাকা আয়, বেকার সমস্যার সমাধান হয়। যুবকেরা স্বাবলম্বী হয় এবং আম বাগান সুন্দর ও ভাল থাকে। তাই চেষ্টা করবো উপজেলায় যেন স্ট্রবেরীর ফলের চাষ জনপ্রিয় হয়ে উঠে এবং দিনদিন বৃদ্ধি পায়।
স/শ









