নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামের জঙ্গি আস্তানায় নিহত চার জঙ্গির লাশ শুক্রবার গভীর রাতে দাফন সম্পন্ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান।
তিনি সিল্কসিটি নিউজকে জানান, রাতে যানাজা নামাজ শেষে দুইটার দিকে পৌর কবরস্থানে চার জঙ্গির লাশ দাফন করা হয়। দাফনের দায়িত্ব দেওয়া হয় আঞ্জুমান মফিদুলকে। তারাই দাফনের সব ব্যবস্থা করে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারক ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আমবাগানে ‘জঙ্গি আস্তানা’ থেকে জেএমবি নেতা রফিকুল ইসলাম আবুসহ চারজনের মরদেহ গতকাল শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। ভোরে বাড়িটি পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল পরিদর্শন করার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। এরপর দুটি অ্যাম্বুল্যান্সে করে মরদেহগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মরদেহগুলোর মধ্যে জেএমবি নেতা রফিকুল ইসলাম আবু ছাড়া অন্য তিনজনের কাউকেই চেনা যাচ্ছে না। বিস্ফোরণে তাদের মুখমণ্ডল ঝলসে গেছে এবং দেহ প্রায় ছিন্নবিচ্ছিন্ন। চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার ওয়ারেস আলী এ কথা জানিয়েছেন।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ চারটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ৯টার দিকে আবুর লাশ নিয়ে গেছেন তাঁর চাচা ইয়াসিন আলী।
‘জঙ্গি আস্তানা’য় পুলিশের বিশেষায়িত টিম সোয়াটের ‘ইগল হান্ট’ অভিযান বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়। গতকাল সকাল সোয়া ৯টায় সিআইডির ক্রাইম সিন ইউনিট বাড়িটিতে ঢুকে দুপুর পর্যন্ত তল্লাশি চালায়। দলটি বিভিন্ন আলামত সংগ্রহ করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, এর আগে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বাড়ির ভেতর থেকে একটি সুইসাইড ভেস্ট ও একটি পিস্তল উদ্ধার করে এবং বোমা নিষ্ক্রিয় করে।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার ওয়ারেস আলী সাংবাদিকদের বলেন, ‘উদ্ধার হওয়া চারটি মরদেহের মধ্যে একজনকেই শনাক্ত করা গেছে, যেটি আবু। আর তিনজনকে শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনজনের লাশের যে অবস্থা তাতে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। ’ তিনি বলেন, ‘জঙ্গি আবু ছিল একটি ঘরে। বাকি তিনজন ছিল অন্য ঘরে। পুলিশ সদস্যরা ছিন্নবিচ্ছিন্ন তিনজনের দেহের নিচ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। ’
এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
‘জঙ্গি আস্তানা’ থেকে উদ্ধার করা চারটি মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে বিশেষজ্ঞ হিসেবে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম ছিলেন। তিনি বলেন, ‘চারজনের মধ্যে আবুকে চেনা গেলেও অন্যদের চেহারা বিবর্ণ। আবুর দেহে গুলি ও বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। অন্য তিনজনের মধ্যে একজনের পা বিছিন্ন। একজনের ভুঁড়ি বেরিয়ে গেছে। অন্য আরেকজনের চেহারা ঝলসে গেছে। ’ তিনি বলেন, ‘আবু ছাড়া বাকি তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য দাঁত, হাতের হাড় ও চুল নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে। ’
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আবুর স্ত্রী আহত সুমাইয়াকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানে তার পায়ে অস্ত্রোপচার করা হবে।বাবাকে ছেড়ে যেতে চায়নি শিশু সাজিদা : হাসপাতালে নেওয়ার সময় শিশু সাজিদা জানায় যে সে তার আব্বুকে ছেড়ে আসতে চায়নি।
নাম প্রকাশ না করে সাজিদার সঙ্গে থাকা দুজন জানান, আবুর স্ত্রীও আসতে চাননি বলে তাঁরা জানতে পেরেছেন।
এলাকার নিখোঁজ তিনজনের সন্ধান নেই : এলাকার সাধারণ মানুষের মাঝে গুঞ্জন জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযান চালনার আগে শিবনগর ও আব্বাস বাজার এলাকা থেকে তিনজন যুবককে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক মানুষ জানিয়েছেন, শিবনগরের মাইনুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান মোহন (৩০), রবু বিশ্বাসের ছেলে আব্দুস সালাম (৩৫) ও আব্বাস বাজার এলাকা থেকে একটি বেসরকারি কম্পানির প্রতিনিধি মনিরুল ইসলামকে আটক করা হয়। তাদের আটকের পর বুধবার ভোরে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঘিরে ফেলে শিবনগরের সাইদুর রহমান জেন্টু বিশ্বাসের বাড়ি।
শুক্রবার এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার থেকে নিখোঁজ ওই তিনজনকে এলাকায় দেখা যায়নি। তবে পুলিশ অভিযানে কাউকে আটকের কথা অস্বীকার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশের সহকারী পুলিশ সুপার ওয়ারেস আলী বলেন, ‘ওই ঘটনায় কাউকে আটকের ঘটনা আমার জানা নেই। ’
সর্বশেষ জানা গেছে, পুলিশ ওই বাড়িটি এখনো ঘিরে রেখেছে এবং ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। কবে নাগাদ ওই বাড়ির এলাকা থেকে পুলিশ প্রত্যাহার করা হবে তাও নিশ্চত হওয়া যায়নি।
এলাকাবাসী এখনো আতঙ্কে : ‘জঙ্গি আস্তানা’ ঘিরে অভিযানের ঘটনায় এখনো শিবনগর ও ত্রিমোহনী এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শিবনগরের সাইদুর রহমান জেন্টু বিশ্বাসের বাড়ি থেকে ‘অপারেশন ইগল হান্ট’ শেষে মরদেহ বের করে নেওয়া হলেও এলাকার সাধারণ মানুষ স্বাভাবিক হতে পারছে না। হঠাৎ বড়মাপের জঙ্গি আস্তানা এবং দুদিনের রুদ্ধশ্বাস অভিযান সাধারণ মানুষকে আতঙ্কিত করে রেখেছে।
শিবনগর গ্রামের জাফরুল ইসলাম বলেন, ‘অভিযানকালে নিরাপত্তার কারণে যাদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কিছু কিছু বাড়ি ফিরতে শুরু করেছে। তবে আতঙ্ক কাটেনি। দুদিন যে ধরনের বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ হলো তাতে শিশুরা খুবই ভয়ের মধ্যে আছে। ’









