ভ্রাম্যমান প্রতিনিধি:
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ওএমএসের ২৭১ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিলার ওয়াসিম আলী (৩৩) কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ওএমএসের ডিলার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নের চাতরা গ্রামের মো. আয়েশ উদ্দিনের ছেলে ডিলার ওয়াসিম আলীর গোডাউনে ওজনে কম দিয়ে রক্ষিত ২৭১ কেজি চাল স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিলার ওয়াসিমকে আটক করে নিয়ে আসে এবং চাল জব্দ করে গোডাউনটি সিলগালা করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
স/শ










