আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে শারীরিক প্রতিবন্ধি হওয়া সত্বেও চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে সজিব মোল্লা। দেড় ফিট উচ্চতা বিশিষ্ট শারীরিক প্রতিবন্ধি সজিব মোল্লা হার মানিয়েছে প্রতিবন্ধিতাকে।
সজিব তারাটিয়া বড়ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। রোববার অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় সে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দেয়।

জানা যায়, সজিব উপজেলার বড়ডাঙ্গা গ্রামের আলেপ মোল্লার ছেলে। পরিবারে দুই ভাইয়ের মধ্যে সজিব মোল্লা ছোট। পড়াশোনায় শুরু থেকেই মনোযোগী সে। বড়ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বরাবরই কৃতি শিক্ষার্থী হিসেবে ভালো ফলাফল করে আসছে।
এ বিষয়ে সজিব মোল্লার মা গেদি বিবির সাথে আলাপচারিতায় তিনি সিল্কসিটি নিউজকে বলেন, সজিব আমার দ্বিতীয় ছেলে। জন্মের পর থেকেই সে প্রতিবন্ধি। কিন্তু এ নিয়ে সে মোটেও মন খারাপ করে না। অন্যান্যদের মতোই সে সকলের সাথে স্বাভাবিকভাবেই চলাফেরা করে। সে সকল বাধাকে উপেক্ষা করে প্রতিবন্ধিতাকে জয় করতে চলেছে। সে পরীক্ষায় ভালো ফলাফল করবে এমনটিই আমার প্রত্যাশা।
বড়ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, সজিব মোল্লা আমাদের বিদ্যালয়ে ১ম শ্রেনী থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের কৃতি ছাত্র হিসাবে বরাবরই ভালো ফলাফল করে আসছে। দারুন মনোবল তার। মাঝে কিছু দিন শারীরিক বিভিন্ন রোগের কারণে সে পিছিয়ে পড়ে। তারপরও সে কৃতিত্বের সাথে চলতি সমাপনী পরিক্ষায় ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছে।
স/শ










