লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরের ২নং ঈশ্বরদী ইউনিয়নে পরিবেশ সুরক্ষা ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) বিশেষ বরাদ্দের আওতায় এই জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে গোপালপুর স্টেডিয়াম থেকে ভাটপাড়া-কাজিপাড়া সড়কের পাশে ৩০০টি তালগাছ ও ১০০টি দেশি নিমগাছসহ মোট ৪০০টি গাছ রোপণ করা হয়েছে। এছাড়া তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ রঞ্জু বলেন, “উন্নত ইউনিয়ন গড়তে সুন্দর পরিবেশ এবং সুস্থ তরুণ প্রজন্ম প্রয়োজন। রোপণ করা গাছ ও ক্রীড়া সামগ্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইউনিয়ন পরিষদের উপহার।” অনুষ্ঠানে ইউপি সচিব হাফিজুল ইসলাম, ইউপি সদস্য রজব আলী, বাচ্চু, লতিফা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









