রাজশাহী

লালপুরে ইটভাটার ৪টি পানির পাম্প উদ্ধার: চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে একটি ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধারসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

লালপুর থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩ টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠের মধ্যে অবস্থিত ‘এমএসকে’ নামক ইটভাটার কাজ শেষে পাম্পগুলো বন্ধ করে মালিক মোঃ সবুজ আলী (২৮) নিজ বাড়িতে চলে যান। পরদিন সকাল ৬ টার দিকে ভাটায় এসে তিনি দেখেন যে, আনুমানিক ৭০ সত্তর হাজার টাকা মূল্যের ৪টি পানির পাম্প অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

 

এই ঘটনায় ইটভাটার মালিক ও বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মোঃ শামসুল মোল্লার ছেলে মোঃ সবুজ আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জহুরুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন লালপুর থানার মহিষাখোলা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ইমন (২২) এবং একই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মোঃ মামুন (২০)। লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে চুরি হওয়া ৪টি পানির পাম্পই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে আসামিদের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।আসামীদের আদালতে পাঠানো হয়েছে।