সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করি বলেই আমরা আজ সম্মানিত। সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সমাদৃত। বাংলাদেশের প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স এবং পোশাক শিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি তাজুল ইসলাম সরকার, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, হুমায়ুন কবির রফিক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমানের আহবানে দক্ষিণ এশিয়ায় গঠিত হয়েছিল সার্ক। তার আহ্বানেই মুসলিম উম্মাহর দুটি দেশ ইরান এবং ইরাকের যুদ্ধ বন্ধ হয়েছিল। তার মধ্যস্থতায় ইরাক ও ইরানের যুদ্ধ বন্ধ করে মুসলিম উম্মাহকে শক্তিশালী করা হয়েছিল।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমাদের সেই নির্দেশনা মোতাবেক তৈরি থাকতে হবে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তাই প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।
সোনারগাঁয়ের নেতাদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে রাজপথে ছিল আজহারুল ইসলাম মান্নান। বিএনপির দুর্দিনে কিন্তু সোনারগাঁ থেকে রাজপথ কাঁপিয়েছে আপনাদের এই প্রিয় নেতা। তারেক জিয়ার নেতৃত্বে আজহারুল ইসলাম মান্নান এমপি হয়ে আপনাদের মনের আশা পূরণ করবেন বলে আমরা আশা করি।
পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দুস্থ ও অসহায় মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: যুগান্তর










