সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:
বই, খাতা ও কলম তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হলো সজিব। ঘড়িতে বাজে সকাল সাতটা। নাস্তা না খেয়েই চলে গেল। বাড়ির পাশেই প্রাইভেট। স্কুলে ক্লাশ শুরু সকাল দশটায়। এক থেকে দেড় ঘন্টা প্রাইভেট পড়ে বাড়িতে এসে নাস্তা খেয়ে চলে যাবে স্কুলে। সজিব এই বছর এসএসসি পরীক্ষা দিবে। বাবা-মায়ের প্রত্যাশা ছেলেকে শিক্ষিত করবে। যথসাধ্য চেষ্টাও করছে। নগরীর আর পাঁচটা ছেলেদের মত বেড়ে উঠা হয়নি তার। হতদরিদ্র পরিবারের সন্তান বলে বুদ্ধি হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে সংগ্রাম করে আসছে। সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে অগ্রসর হচ্ছে জীবনের প্রতিটি ধাপে।
একটু হেঁটেই প্রাইভেট স্যারের বাড়ি। বাড়ির বারান্দায় প্রাইভেট পড়ায় করিম স্যার। স্যার সবার উদ্দেশ্যে বলে দিল কালকে যে অঙ্কগুলো করানো হয়েছিল আজকে সেগুলো আবার করতে। এ কথা বলেই স্যার ঘরে গেল। সজিব ব্যাগ থেকে বই, খাতা ও কলম বের করল। অঙ্কগুলো খাতায় তুলছে। একটি, দুইটির পর তৃতীয় অঙ্কটি করছে। কিন্তু তৃতীয় অঙ্কটির শেষের দিকে গুন ও বিয়োগের হিসাব মেলাতে পারছে না। প্রচণ্ড চেষ্টা করছে। সূত্র দিয়ে প্রাণপনে সমাধান করার চেষ্টা চলছে। না, মেলাতে পারল না। এরইমধ্যে স্যার এসে হাজির।
স্যার বলল অনেক সময় দেয়া হয়েছে। তোমাদের খাতাগুলো দাও। স্যার প্রথমে সজিবের খাতাটা হাতে নিল। প্রথম দুইটি অঙ্ক দেখে। অঙ্কগুলো ঠিক আছে কিন্তু তৃতীয় অঙ্কটি অসম্পূর্ণ। স্যার সজিবকে বলে, সজিব বাড়িতে অঙ্ক করো নি?
সজিব মাথা নিচু করে, হ্যাঁ, স্যার কর্যাছি।
কয়বার কর্যাছো?
ভয়ে ভয়ে সজিবের উত্তর, একবার কর্যাছি স্যার।
সজিবের কথা শুনে রেগে যায় স্যার। একবার কেন? তোমাকে কয়েকবার করতে বল্যাছি। সামনে এসএসসি পরীক্ষা। তোমার মেধা খুব একটা ভালো না। তাই সারাটাদিন পড়তেই থ্যাকতে হবে। এরকম করলে কখনই পাশ করতে প্যারবা না। সবাই কত পরিশ্রম করে ভালো রেজাল্ট করছে আর এই বেয়াদবের কোন আগ্রহ নাই।
এতগুলো কথা শুনিয়ে সজিবকে তার খাতা দিয়ে দেয়। আসলে সজিবের কোন দোষ নেই। দোষ তাদের পারিবারিক মন্দার। দাদার বাড়িতে গণগোষ্ঠি একসাথে থাকে। সজিবদের একটি মাত্র ঘর দেয়া হয়েছে। সেই ঘরেই ঘুমানো, খাওয়া-দাওয়া সবই। সজিব যেহেতু বড় হয়ে গেছে, তাই সে তার ছোট চাচার সাথে ঘুমায়। ছোট চাচার এখনও বিয়ে হয়নি। সেজন্য ঘুমায় চাচার সাথেই। কিন্তু পড়ালেখা করার জন্য অন্য কোন জায়গা নেই।
পড়ার জন্য ঘরে কোন টেবিল-চেয়ার নেই। মেঝেতে বসে পড়ালেখা করতে হয় সজিবকে। বেশীক্ষণ মেঝেতে বসে পড়ালেখা করতে পারে না। ঘাড় ও কোমরের ব্যাথা শুরু হয়ে যায়। তবুও এটাই হয়ত তার নিয়তি বলে মঝেতে পড়ালেখা চলমান রাখে। তবে কালকে তার কোমরে প্রচ- ব্যাথা করছিলো বলে বেশীক্ষণ পড়তে পারে নি। তবে অসম্পূর্ণ অঙ্কটি তখনও সে বুঝতে পারছিলো না। মনে করেছিলো স্যারের কাছ থেকে বুঝে নিবে। কিন্তু স্যার মহাশয় তা না বুঝিয়ে সজিবকে অহেতুক বকাবকি করল। যাই হোক প্রাইভেটে সবার পড়া শেষ হলে সজিব স্যারকে বলে অঙ্কটি বুঝতে পারে নি। স্যার একটু বিরক্তি প্রকাশ করে অঙ্কটি বুঝিয়ে দিল।

এদিকে স্যারের গিন্নি রাজিয়া এসব কথা শুনতে পেরেছিলো। সজিব পড়া শেষ করে বাড়িতে যাওয়ার পর রাজিয়া বাড়ি থেকে বের হয়। ডাকপিয়নের ভূমিকায় রাজিয়া বিখ্যাত। পাড়ার যেসব বাড়ির গৃহবধূদের সাথে আত্মার সম্পর্ক, তাদের বাড়িতে যেয়ে বলে সজিব আজকেও অঙ্ক পারে নি। ওকে বলা হয়েছিলো কয়েকবার অঙ্ক করতে কিন্তু করেছে মাত্র একবার। তাকে দিয়ে পড়ালেখা হবে না, বরং কুলিগিরি করানো উচিত। এসব কথা বলে পাড়ার সব বাড়িতে যেয়ে বলে আর হাসাহাসি করে।
দারিদ্যের অভাবে জীবন যুদ্ধে বালকটি যে সংগ্রাম করে আসছে তা কারো দৃষ্টিগোচর হয় না। সজিবের পড়ালেখায় একটু খুত পেলেই হলো। দুর্ণাম রটনায় ওস্তাদ এই মহিলাটি। ভালো খবরগুলো নই, সবার মন্দ খবর নিয়ে বেশী মাতামাতি করে। আর এদের মত মহিলারা এসবেই বেশী আনন্দ পায়।
আজকে পাড়াতে গোলমিটিং বসবেই। মনে করে সজিব গবেড ছাত্র। অনেকে বলে বাবা একজন সেল্সম্যান, তাকেও পরের দোকানে কাজ করতে হবে। রাজিয়া বলে সজিব চোখে কম দ্যাখে, অঙ্ক ঠিকমত করতে পারে না। কানে কম শুনে, স্যার কিছু বললে তা সহজে বুঝতে পারে না। মাথায় বুদ্ধি কম। এসএসসি’র গন্ডি পার করতে পারবে না। ওদের বংশে কেউ পড়ালেখা শিখতে পারে নি। সজিব কি শিখবে?
পাড়ার সব বাড়িতে এমনসব বার্তা পৌছানোর পর রাজিয়া আসে সজিবের মা মিনার কাছে। এসে অনুরুপ কথা বলে। আরো বলতে থাকে তার ছেলের মাথা খুব একটা ভালো না। ওকে সবসময় যেন পড়তে হয়। এসব কথায় মিনা কষ্ট পায়। ছেলের এইরকম নিন্দাকর কথা এর আগে অনেক শুনেছে। কিন্তু আজকের রাজিয়ার মুখের কথা খুবই কর্কট। তাই মিনার মন দুঃখে ভরে উঠে। নিজের ছেলের এমন নিন্দা কোন মা সহ্য করতে পারে না। মেধায় দুর্বল হোক, চোখে কম দেখুক আর কানে কম শুনুক, নিজের ছেলেই তো।
সজিব স্কুল থেকে আসলে তাকে মিনা বলে। সজিব, ক্যালকে স্যারের অঙ্ক করোনি?
কর্যাছিলাম। কিন্তু বেশীক্ষুণ করতে পারি নি। আমার কোমরে ক্যালকে খুব ব্যাথা ল্যাগছিলো। তুমি তো জানো আমি মাটিতে বস্যা বেশীক্ষুণ পড়তে পারি ন্যা।
ত্যাহেলে আমি করব? তুমি আমার দশটা না পাঁচটা না, একটায় ছ্যালে। তোমাকে লিয়্যা অনেক স্বপ্ন দেখি। ভালো কর্যা পড়ো, আব্বা।
পড়ছি তো আম্মু। একটা টেবিল আর চেয়ার হলে ভালো হয়। প্লাষ্টিকের টেবিল-চেয়ার কিনে দ্যাও না।
টাকা কোথায় পাবো বলো? কষ্ট কর্যা পড়্যা ল্যাও। ভবিষতে বড় হয়ে চাকরি প্যালে তুমি নিজেই টেবিল-চেয়ার কিনবা।
এসব কথাতে হতাশার ছাপ পড়ে সজিবের মুখে। সামনে এসএসসি পরীক্ষা। তাকে অনেকক্ষণ পড়তে হবে। ঘরে একটা ছোট্ট টুল লক্ষ্য করা যাচ্ছে। এরপর দাদীকে যেয়ে বলে তাদের চেয়ারটি নিবে পড়ার সময়। পড়া হলে চেয়ার পুনরায় দাদীর ঘরে পৌছিয়ে দিয়ে দিবে। দাদী রাজি হয়। চেয়ার ঘরে নিয়ে আসল সজিব। চেয়ারের সামনে টুল রাখল। টুলে উপর বসল আর বই-খাতা রাখল চেয়ারের উপর। ব্যাস হয়ে গেল টেবিল-চেয়ার। এভাবেই পড়ালেখা চালিয়ে থাকে সজিব। পরিস্থিতির নিকট সে অসহায়। মানুষের কটু কথাকে হজম করতে হয় এই বালককে। সজিব বড় হওয়ার স্বপ্ন দ্যাখে। এই স্বপ্ন সবসময় মস্তিষ্কে থাকে চলমান। এই বিশ্বজগতের অপার মহিমান্বিত সৌন্দর্য্যও তাকে মোহিত করে না। সজিব অনেক পরিশ্রম করবে, যার কোন সীমা থাকবে না। জীবনে তাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এসএসসি পরীক্ষার মাত্র সাত দিন বাকি। কালকে প্রাইভটে জ্যামিতি করতে হবে। স্যার কালকে পীথাগোরাসের উপপাদ্য ও সম্পাদ্য নিবে। কিন্তু পুরানো জ্যামিতি বক্সের কম্পাসের পেন্সিল রাখার জায়গায় মরিচা ধরে গেছে। জ্যামিতি বক্সটি তার চাচাতো ভাইয়ের ব্যবহার করা। এটা দিয়ে সে এসএসসি আর এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার হাত ঘুরে পর বক্সটি সজিবের কাছে আসে। জ্যামিতি বক্সের দাম ষাট টাকা। কিন্তু সেই টাকা দিয়ে কিনতে অক্ষম সজিব। তাই এটিকে ঘষেমেজে রাখার চেষ্টা করে সে।
শীতের সকাল। ভোর ছয় টায় ঘুম থেকে উঠে সজিব। স্যার আজকে সাড়ে ছয়টায় পড়া শুরু করবে। অন্যদিনের তুলনায় আজ বেশ ঠাণ্ডা পড়েছে। চারিদিকে ঘন কুয়াশার আবরণ। শৈত্য প্রবাহ হচ্ছে অনবরত। খুব ভালোভাবে দেখলে শুধু হাটার রাস্তা দেখা যাচ্ছে। বাড়ির মেঝেও অসহ্যকর ঠাণ্ডা, পায়ের পাতা যেন ঠাণ্ডায় হিম হয়ে আসে। মনে হচ্ছে ডিপ ফ্রীজের মধ্যে এসে ঢুকল। একটা স্পঞ্জের স্যান্ডেল পরে বাথরুমে যায় সজিব। ব্রাশ করার পর হাত-মুখ ধুতে যায়। পানিও অতিমাত্রায় ঠাণ্ডা। পানিতে হাত দিলেই যেন বরফের ছ্যাকা লাগে। তারপরেও কোনরুপ মুখ-হাত ধুয়েই চলে আসে ঘরে। ব্যাগপত্র গুছিয়ে প্রাইভেটে রওনা দিবে এমন সময় মিনা সজিবের চাচার ফেলে দেয়া পুরাতন জুতা দ্যাখে। তবে দুইটা জুতার একটি অপরটিতে দুই রকম রং করা। মিনা সজিবকে জুতাজোড়া পড়তে বলে।
সবাই দোবাজ বলে উপহাস করবে বলে জুতা যথাস্থান থেকে উঠল না। ব্যাগপত্র নিয়ে স্পঞ্জের স্যান্ডেল পড়েই রওনা হয় প্রাইভেটের দিকে। মাথায় উলের টুপি আছে কান পর্যন্ত। মুখে বাতাস লাগছে। তাই মাথা নিচু করে হাটছে। পায়েও অসহ্য শীত লাগছে। যেন পায়ে তীক্ষ্ণ কাটার মত ফুটছে। রাস্তায় চলছে সজিব। পৌছাল প্রাইভেটে। ভালোভাবেই জ্যামিতি করল ও ইংরেজিতেও ভালো করলো সে। স্যার আজ তার প্রতি খুব সন্তুষ্ট।
এভাবেই সজিব পড়ালেখা চালিয়ে যেতে থাকল। চেয়ার ও টুলে বসে পড়তে তেমন কোন সমস্যা হচ্ছে না। অনেক রাত অবধি পড়ালেখা করে। আদাগুড় খেয়ে লেগে আছে। পরীক্ষায় নিজের সর্বোচ্চটা দিবে। এজন্য চেষ্টার কোন ঘাটতি নেই।
অবশেষে পরীক্ষার দিন চলেই আসলো। পরীক্ষার সব উপকরণ ফাইলের মধ্যে ঢুকিয়ে রওনা হয় পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে। যাবার সময় তার মনে উদিত হয়, কাঙ্খিত সাফল্যের চায় সে। এই কথাগুলো তার মানসিক চেতনায় মস্কোর ঘন্টার মতো বাজছে।
লেখক: মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর। ছোটগল্পটি লেখক তার শ্রদ্ধেয় পিতা মতিউর রহমানকে উৎসর্গ করে লিখেছেন।










